
হাওড়া: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে হাওড়া থেকে। অসমের গুয়াহাটি পর্যন্ত চালু হয়েছে এই ট্রেন। সার্বিকভাবে এই ট্রেনের পরিষেবা নিয়ে যাত্রীরা খুশি থাকলেও খাবার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। হাওড়া-গুয়াহাটি রুটের ওই ট্রেনে দেওয়া হচ্ছিল নিরামিষ খাবার। মেনুতে রাখা হচ্ছিল পোলাও, পনির ইত্যাদি। অবশেষে সেই মেনুতে আসছে বদল।
বাজেটের দিনই মেনুতে বদলের কথা ঘোষণা করা হল রেল মন্ত্রকের তরফ থেকে। নিরামিষ নয়, এবার বাংলার এই বন্দে ভারত স্লিপারে মিলবে আমিষ খাবার। মেনুর বিষয়ে কিছু না জানানো হলেও, মাছ-মাংস যে মিলবে, তা নিশ্চিত। বাঙালি যাত্রীরা এই সিদ্ধান্ত খুশি হবেন বলেই মনে করা হচ্ছে।
বাজেট সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে আমিষ খাবার চালু করার কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধুই নিরামিষ খাবার মিলছে বলে শুরু থেকেই বাঙালি যাত্রীদের একাংশের মধ্যে দেখা দিয়েছিল অসন্তোষ। জোর করে নিরামিষ খাবার চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। নির্বাচনের আগে কোনও ঝুঁকি নিতে না চেয়েই অবস্থান বদল করল রেল? প্রশ্ন উঠছে।
তবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভিতরে অভ্যন্তরীণ পরিকাঠামো এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনায় উচ্ছ্বসিত যাত্রীরা। যাত্রীদের বক্তব্য, গুণমানটাই আসল, আমিষ নাকি নিরামিষ, এটা কোনও বিষয় নয়। তাঁরা বলছেন, খাবার বাড়িতে গিয়েও খাওয়া যাবে। নিরাপদে এবং ভালভাবে ট্রেন চললেই হল। পরিষেবা ভাল হলেই তাঁরা খুশি।