ECI: কমেছে ভোটের দফা, এবার আরও এক বড় সিদ্ধান্ত কমিশনের
West Bengal assembly election: ২০২১ সালের নির্বাচনের চেয়ে এবার পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন। তিন ধরনের পর্যবেক্ষক মিলিয়ে ৪০০ জনের বেশি পর্যবেক্ষক রাজ্যে আসবেন। একুশের নির্বাচন একজন সাধারণ পর্যবেক্ষককে একাধিক বিধানসভা কেন্দ্রে নজর রাখতে হয়েছিল। এবার সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে।

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল আট দফায়। সেটাই এবার কমে ২ দফা হয়েছে। ভোটগ্রহণের দফা যেমন কমিয়েছে, তেমনই নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে আরও একটি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই রাজ্যে আসতে শুরু করবেন পর্যবেক্ষকরা। কিন্তু, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই কেন পর্যবেক্ষকরা রাজ্যে আসতে শুরু করবেন? তার কারণও জানিয়ে দিল কমিশন।
ভোট প্রক্রিয়ায় তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয়ের নজরদারির জন্য পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষকরা সার্বিকভাবে ভোট প্রক্রিয়ায় নজর রাখে। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখেন পুলিশ পর্যবেক্ষকরা। আর রাজনৈতিক দলগুলির প্রার্থীরা কোথায় কত খরচ করছেন, তার হিসাব রাখেন আয়-ব্যয়ের নজরদারির পর্যবেক্ষকরা।
সাধারণত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগের দিন আসতেন পর্যবেক্ষকরা। বাংলায় এবার ২ দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। আর দ্বিতীয় দফার ভোটের জন্য ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। সেই হিসেবে এপ্রিলের ৫ তারিখ থেকে পর্যবেক্ষকদের রাজ্যে আসার কথা। তার জায়গায় আগামিকাল থেকেই রাজ্যে আসতে শুরু করবেন তাঁরা।
শুধু আগে থেকে আসা নয়। ২০২১ সালের নির্বাচনের চেয়ে এবার পর্যবেক্ষকের সংখ্যাও বাড়িয়েছে নির্বাচন কমিশন। তিন ধরনের পর্যবেক্ষক মিলিয়ে ৪০০ জনের বেশি পর্যবেক্ষক রাজ্যে আসবেন। একুশের নির্বাচন একজন সাধারণ পর্যবেক্ষককে একাধিক বিধানসভা কেন্দ্রে নজর রাখতে হয়েছিল। এবার সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগে বাংলায় এসে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। এই আবহে সোমবার থেকে পর্যবেক্ষক পাঠানো নিয়ে কমিশন জানাল, ভোট নির্বিঘ্নে করার জন্যই এই সিদ্ধান্ত।
