Opinion Poll 2026: অধিকারী গড়ে কার পাল্লা ভারী? কী বলছে জনতা
Opinion Poll: একসময় অধিকারী-গড় বলেই পরিচিত ছিল পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশ। আজও রয়েছে অধিকারীদের প্রভাব রয়েছে। তবে শিবির বদল হয়েছে, বদল হয়েছে সমীকরণ। এখন বিজেপির মঞ্চে শুভেন্দু অধিকারী। এই আবহে কী বলছে অধিকারী গড়ের মানুষজন, দেখে নিন একজরে।

আসন্ন নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। গত বিধানসভা ভোটে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল এই জেলা। জয়ী হয়ে বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। পাঁচ বছর পর আরও একটি বিধানসভা নির্বাচনের অপেক্ষা। কেউ কেউ বলছেন, অধিকারীদের জমি আলগা হয়েছে। আবার এই জেলায় বিজেপির প্রভাবকে গুরুত্ব দেন বিশ্লেষকদের একাংশ। এই জেলার চার কেন্দ্রের সমীক্ষা রিপোর্ট দেখে নিন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে TV9 বাংলা।
তমলুক:
পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ কেন্দ্র তমলুক। বিজেপির মাটি এখানে বেশ শক্ত। ২০২১-এ জয়ী হয়ে সৌমেন মহাপাত্র বিধায়ক হলেও বিজেপির সঙ্গে ব্যবধান খুব বেশি ছিল না। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কিছুটা এগিয়ে ছিল তৃণমূল। ফারাক ছিল মাত্র ৭৯৩।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে তমলুক কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৪৯.৯ শতাংশ, তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪১.০২ শতাংশ অর্থাৎ বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। আর বাম কংগ্রেস পেয়েছিল ৬.৫১ শতাংশ ভোট। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে ২০,৪৬১ ভোট বেশি পেয়েছিল বিজেপি। উল্লেখ্য, তমলুক লোকভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি।
এবারের ট্রেন্ড বলছে, বিজেপির দিকেই পাল্লা ভারী।
হলদিয়া:
হলদিয়া কেন্দ্রে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা এগিয়ে ছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ছিল ৪৭.১৫ শতাংশ আর তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৪০.৩৬ শতাংশ। ১৫০০৮ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন তাপসী মণ্ডল। পরে তৃণমূলে চলে যান তিনি।
লোকসভা নির্বাচনেও বিজেপির অবস্থান ছিল বেশ ভালো। ৪৮.৯০ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। তৃণমূলের থেকে ১৮,৫০১টি ভোট বেশি পেয়েছিল বিজেপি।
২০২৬-এর বিধানসভা ভোটের ট্রেন্ড বলছে, এবারও এই কেন্দ্রে এগিয়ে বিজেপি।
কাঁথি উত্তর:
লোকসভা ভোটে দেখা যায়, এই বিধানসভা কেন্দ্রে ৭০৯৯টি ভোট বেশি পেয়েছিল বিজেপি। প্রায় ৫০ শতাংশ ভোট ছিল তাদের ঝুলিতে।
২০২১-এর লোকসভা ভোটেও বিজেপি প্রায় ৫০ শতাংশের মতো ভোট ছিল। তৃণমূলের প্রাপ্তি ছিল প্রায় ৪৬ শতাংশ। ৯৩৩০টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুমিতা সিনহা।
সাধারণ মানুষের বক্তব্যে স্পষ্ট, এবার কাঁথি উত্তরে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। অর্থাৎ লড়াই হবে হাড্ডাহাড্ডি।
কাঁথি দক্ষিণ:
গত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। ভোটের ব্যবধান ছিল ১০ হাজারের বেশি। লোকসভা নির্বাচনে সেই তফাৎ বেড়ে যায় আরও। প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি আর তৃণমূল ৪৩ শতাংশ ভোট পেয়েছিল এই কেন্দ্র থেকে। প্রায় ১৯,০০০ ভোটের ব্যবধান তৈরি হয়। সেই ভোটের ঠিক ২ বছর বাদে হতে চলেছে আরও এক বিধানসভা নির্বাচন।
TV9 বাংলার সমীক্ষার রিপোর্ট বলছে, বিজেপির দিকেই পাল্লা ভারী।
