Opinion poll: বাংলার এই ৫ জেলায় কে জিততে চলেছে? জানুন সম্ভাব্য ফল
West Bengal assembly election: এই পাঁচ জেলায় মোট বিধানসভা আসন রয়েছে ৪৯টি। জনমত সমীক্ষা শুধুমাত্র ভোটের ফলের আভাস দেয়। অনেকসময়ই জনমত সমীক্ষার সঙ্গে ভোটের ফল মেলেনি। তবে এই পাঁচ জেলার জনমত সমীক্ষা খতিয়ে দেখলে দেখা যাবে, তৃণমূল এগিয়ে রয়েছে ১৭টি আসনে। আর জনমত সমীক্ষা অনুসারে বিজেপি এগিয়ে ১৬টি আসনে। বাকি ১৬টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

কলকাতা: ফেব্রুয়ারি শেষ হতে চলল। তবে এখনও ঠান্ডার আমেজ। ভোটমুখী বাংলায় অবশ্য রাজনীতির পারদ ক্রমশ উর্ধ্বমুখী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও মাঠে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজনীতির চাণক্যরা। এই আবহে টিভি৯ বাংলাও রাজ্যের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। চায়ের দোকান, বাজারহাটে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়। বিধানসভা নির্বাচন নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ? ছাব্বিশের নির্বাচনে কোন দলকে তাঁরা এগিয়ে রাখছেন? আজ আমরা পাঁচটি জেলার জনমত সমীক্ষা খতিয়ে দেখব। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষ কী বলছেন? জনমত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র। টিভি৯ বাংলার এই জনমত সমীক্ষা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার আগের ভিত্তিতে করা হয়েছে।
পুরুলিয়া-
উনিশের লোকসভা নির্বাচন থেকে পুরুলিয়া জেলায় বিজেপির প্রভাব বাড়তে শুরু করে। একুশের নির্বাচনে পুরুলিয়ার ৯টি বিধানসভা আসনের ৬টি পায় বিজেপি। আর তৃণমূল জেতে ৩টি আসন। চব্বিশের লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ৩টি আসনে। আর ঘাসফুল শিবির ৬টি আসনে এগিয়ে।
জনমত সমীক্ষা অনুসারে ছাব্বিশের নির্বাচনে পুরুলিয়ায় কে কটি আসন পেতে পারে? জনমত সমীক্ষা বলছে, পুরুলিয়ার ৬টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। বাকি ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
বাঁকুড়া-
পুরুলিয়ার মতো বাঁকুড়া জেলায়ও উনিশের লোকসভা নির্বাচন থেকে বিজেপির শক্তি বাড়ে। একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ১২টি আসনের মধ্যে বিজেপি পায় ৮টি। আর তৃণমূল ৪টি আসনে জেতে। চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। বছর দুই আগের লোকসভা নির্বাচনের নিরিখে বাঁকুড়ায় ৬টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। আর ঘাসফুল শিবির এগিয়ে ৬টি আসনে।
ছাব্বিশের নির্বাচনে কী ফল হতে পারে বাঁকুড়ায়? জনমত সমীক্ষা বলছে, জেলার ১২টি আসনের মধ্যে ৬টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ২টি আসনে। আর ৪টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
ঝাড়গ্রাম-
২০১৭ সালের এপ্রিলে পশ্চিম মেদিনীপুর জেলাকে বিভক্ত করে ঝাড়গ্রাম নতুন জেলা হয়। উনিশের নির্বাচনে এখানে পদ্ম ফোটে। তবে একুশের নির্বাচনে ঝাড়গ্রামের ৪টি আসনই পায় তৃণমূল। কোনও আসন জিততে পারেনি বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে জেতে তৃণমূল। লোকসভা নির্বাচনের নিরিখে ঝাড়গ্রামের ৪টি আসনেই এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির।
ছাব্বিশের নির্বাচনে ঝাড়গ্রামের বিধানসভা আসনগুলির ফল কী হতে পারে? জনমত সমীক্ষা বলছে, ঝাড়গ্রামের ৪টি আসনের মধ্যে ৩টি আসনে এগিয়ে তৃণমূল। আর একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর-
দক্ষিণবঙ্গের এই জেলায় বিধানসভা আসন সংখ্যা ১৫। একুশের নির্বাচনে তৃণমূল ১৩টি আসন পেয়েছিল। বিজেপি পেয়েছিল ২টি আসন। আবার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে ১৪টি আসনে। বিজেপি একটিমাত্র আসনে লিড পায়।
জনমত সমীক্ষা অনুসারে পশ্চিম মেদিনীপুরে সম্ভাব্য ফল কী হতে পারে? জনমত সমীক্ষা অনুসারে এই জেলার ৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। আর একটি আসনে বিজেপি এগিয়ে। পশ্চিম মেদিনীপুরের ৫টি আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
পশ্চিম বর্ধমান-
একসময় বাম দুর্গ ছিল পশ্চিম বর্ধমান। একুশের বিধানসভা নির্বাচনে এই জেলার ৯টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৬টি আসন। আর ৩টি আসন জিতেছিল বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে ৬টি আসনে। আর তটি আসনে এগিয়ে গেরুয়া শিবির।
ছাব্বিশের নির্বাচনে পশ্চিম বর্ধমানের সম্ভাব্য ফল কী হতে পারে? টিভি৯ বাংলার জনমত সমীক্ষা বলছে, পশ্চিম বর্ধমানের ৯টি আসনের মধ্যে ৩টি আসনে এগিয়ে তৃণমূল। আর বিজেপি এগিয়ে ৩ আসনে। বাকি ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পাঁচ জেলায় মোট বিধানসভা আসন রয়েছে ৪৯টি। জনমত সমীক্ষা শুধুমাত্র ভোটের ফলের আভাস দেয়। অনেকসময়ই জনমত সমীক্ষার সঙ্গে ভোটের ফল মেলেনি। তবে এই পাঁচ জেলার জনমত সমীক্ষা খতিয়ে দেখলে দেখা যাবে, তৃণমূল এগিয়ে রয়েছে ১৭টি আসনে। আর জনমত সমীক্ষা অনুসারে বিজেপি এগিয়ে ১৬টি আসনে। বাকি ১৬টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
