
কলকাতা: বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই ঘটে গেল বিপত্তি। সংসদের ভুলেই বিপাকে ছাত্রছাত্রীরা। অনেকে বুঝেই উঠতে পারলেন না প্রশ্ন, দিতে পারলেন না উত্তর। এই অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কীভাবে নম্বর দেওয়া হবে জানিয়ে দেওয়া হল নির্দেশিকা।
এদিন পরীক্ষা শেষ হওয়ার পর জানা যায়, ১০ নম্বরের প্রশ্ন এসেছিল সিলেবাসের বাইরে থেকে। সেই সব প্রশ্নের ক্ষেত্রে নম্বর দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
2B, 11B, 11C- এই তিনটি নম্বরের প্রশ্ন ভুল ছিল, এগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে বলে জানিয়েছে সংসদ। প্রথমটিতে ২ ও পরেরগুলিতে ৪-৪ নম্বর ছিল অর্থাৎ মোট ১০ নম্বরের প্রশ্ন নিয়ে সমস্যা। তাই সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ওই প্রশ্নগুলি ছুঁলেই নম্বর দিয়ে দেওয়া হবে।
সংসদ সভাপতি জানিয়েছেন, ‘থ্রিডি জিওমেট্রি’ থেকে এই প্রশ্নগুলি এসেছিল। তিনি জানান, ‘থ্রিডি জিওমেট্রি’ হল একটি মূল চ্যাপ্টার। তার অধীনে সাব টপিক থাকে অনেকগুলি- যেমন ‘স্ট্রেইট লাইন’, ‘প্লেনও জিওমেট্রি।’ তিনি জানান, বই লেখার সময় যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই অনুসারে, কাউন্সিল অনুমোদিত বইতে প্লেন জিওমেট্রি ছিল। সেই বই দেখেই প্রশ্ন করা হয়েছে। কিন্তু পরে সিলেবাসে কিছু বদল করা হয়। সেখানেই প্লেন জিওমেট্রি বাদ পড়ে। আর ক্ষেত্রে ওই প্লেন জিওমেট্রি থেকেই প্রশ্ন এসেছে।