
কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাংলায় প্রথম দফার নির্বাচন। তার আগে বুথস্তরে আলাদা করে নজর বিজেপির। আগের ভোটগুলি দেখলেও দেখা যাবে বরাবরই নির্বাচনের আগে বুথস্তরে সবথেকে বেশি জোর দিয়েছে পদ্ম শিবির। এবারও তার অন্যথা হল না। এবার বাংলার বুথ কর্মীদের সঙ্গে কথা বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, বুথে বুথে গিয়ে মানুষকে বোঝান। যেখানে যেখানে বিজেপির সরকার আছে সেখানে কোনও সিন্ডিকেট রাজ নেই। কর্মীদের এই বার্তাও দেন মোদী।
বুথ স্তরে কর্মীদের উদ্দেশ্যে মোদীর সাফ কথা, বাংলায় ভয়ের পরিবেশ রয়েছে। রাজনৈতিক হিংসা থেকে দুর্নীতি যত খারাপ জিনিস হয় সব বাংলায় চরম সীমায় রয়েছে। সব এতে অতিষ্ট। মহিলা ও যুবদের মধ্যে প্রভাব সর্বাধিক। তাঁদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনারা তৃণমূল স্তরে তৃণমূলের বিরুদ্ধে মানুষের এরকমই ক্ষোভ দেখতে পান। মানুষকে বোঝাতে হবে নির্মম সরকার থাকলে কোনও উন্নয়ন হবে না। বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম ও দ্বিতীয় দফার ভোটের আগে সাধারণ মানুষের কাছে কোন কোন বিষয় নিয়ে যাবেন বুথ স্তরের কর্মীরা তাও একবার পরিষ্কার করে দিলেন স্বয়ং মোদী। কারণ, বুথে বুথে এগিয়ে থাকতে পারলেই সংশ্লিষ্ট বিধানসভায় জেতার অঙ্কটা অনেকটাই সহজ হয়ে যায়।
এতে একদিকে যেমন তৃণমূল বিরোধী প্রচারের অভিমুখ শেষবেলাতেও যাতে এদিক-ওদিক চলে না যায় সেটায় যেমন নজর থাকছে, তেমনই সরাসরি প্রধানমন্ত্রী কথা বলায় বুথ স্তরের কর্মীদের মনোবলও বেশ খানিকটা বাড়বে বলে মত রাজনীতির কারবারিদের বড় অংশের। তবে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কটাক্ষের সুরে গোটা কর্মসূচি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, “পায়ের তলায় তো আর মাটি নেই। বুথ কর্মীদের সঙ্গে ছবি উঠবে, ওখানে বলবেন এত হাজার বুথ কর্মী এসেছিল। প্রধানমন্ত্রী ওটা দেখেই খুশি থাকুন।”