
কলকাতা: দু’জনেরই পরনে সাদা পোশাক। দু’জনেই পাশাপাশি দাঁড়িয়ে আছেন। একজন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যজন হলেন সদ্য সিপিএম ছেড়ে আসা নেতা প্রতীক উর রহমান। এতদিন যে জল্পনা ছড়িয়ে ছিল তৃণমূলে যোগ দেওয়ার অবশেষে তাই সত্যি হল। প্রতীক উর যোগ দিলেন তৃণমূলে। আর যোগদান করেই ডিগবাজি খেলেন তিনি।
এ দিন, যোগদানের সময় প্রতীক-উর ধীরে-ধীরে মুখ খোলেন প্রাক্তন দল সিপিএম-এর অন্দর প্রসঙ্গে। ডায়মন্ড-হারবারে হেরে যাওয়ার পর পার্টিলাইন কী ছিল, কী কী বলতে হবে সবটাই মুখ খুললেন তিনি। প্রতীক উর বলেন, “আমায় একমাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে। সবাই জানত আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হারব। তখন তাই বলতে হয়েছিল ভোট লুঠ হয়েছে।”
বস্তুত, প্রাক্তন সিপিএম নেতা যখন এই কথা বলছেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পক্ষ নিয়ে বললেন, আদৌ কি কোনও সংগঠন রয়েছে সিপিএম-এর ডায়মন্ড-হারবারে? সত্যিই কি একজনও কর্মী রয়েছেন সেখানে? প্রতীক-উর এ দিন বলেছেন, তিনি কীভাবে ডায়মন্ড-হারবারে থেকে বাম সংগঠন শক্ত করেছেন। এমনকী, সেখানে মার খাওয়া প্রসঙ্গে বলেন, “আমি মার কাদের জন্য খেয়েছিলাম। আমি তো থাকতে চেয়েছিলাম দলে…। দমবন্ধ পরিস্থির মধ্যে আমি মুখ খুলেছি। অনেকেই মুখ খুলেছে।”
এখানে উল্লেখ্য, আজ সিপিএম ছেড়ে পাকাপাকিভাবে তৃণমূলের হাত ধরেছেন প্রতীক উর। তবে তিনি ভোটে লড়বেন না বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ কথা সাংসদ নিজেই জানিয়েছেন। এমনকী আজ প্রতীক-উরের পাশে দাঁড়িয়েও সিপিএমকে এক হাত নেন তিনি।