Dev-Shankar Dolai: সরানো হল শঙ্কর দলুইকে, দেব বিতর্কের আবহে বড় সিদ্ধান্ত
Ghatal: এই আবহে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হয় দেবের। প্রায় ৪৫ মিনিটের সেই বৈঠক ছিল। সেখান থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে যান দেব।

কলকাতা: পদ খোয়ালেন ঘাটালের তৃণমূল নেতা শঙ্কর দলুই। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর। তাঁকে সেই পদ থেকে সরানো হল রবিবার। সেই জায়গায় আনা হল রাধাকান্ত মাইতিকে। গত কয়েকদিনে দেব ইস্যুতে শঙ্কর দলুইকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এ নিয়ে শুধু ঘাটালের রাজনীতিতেই নয়, চাপানউতর তৈরি হয় বঙ্গ রাজনীতিতেও। দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। এই আবহে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হয় দেবের। প্রায় ৪৫ মিনিটের সেই বৈঠক ছিল। সেখান থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে যান দেব। আর রবিবার বদলে গেল তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। অপসারিত হন শঙ্কর দলুই।
সম্প্রতি একটি অডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই অডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে সেই ভাইরাল অডিয়োর হাত ধরে কাটমানির কথা প্রকাশ্যে আনেন শঙ্কর দলুই বলে অভিযোগ ওঠে। যদিও শঙ্কর দাবি করেছিলেন, এই কণ্ঠ তাঁর নয়। তবে সত্যি যাই হোক, এই বিতর্কের পর দেবের রাজনৈতিক অবস্থান, দলে থাকা এমনকী রাজনীতি থাকা নিয়েও নানা জল্পনা সামনে আসে।
পরিস্থিতি ক্রমাগত ঘোরাল বুঝে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড হস্তক্ষেপ করেন। দেবের সঙ্গে কথা বলেন অভিষেক নিজে। শনিবারের সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই শনিবার তৃণমূলের অন্দর থেকে জানা গিয়েছিল।
দেব নিজেও বলেছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে গতকালই দলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়েছিলেন, আবারও ঘাটালে দেব-ই প্রার্থী হচ্ছেন। তবে দেবের পর্ব মিটলেও শঙ্করকে পদ থেকে সরানোর কোনও আভাস পাওয়া যায়নি রবিবার সকাল পর্যন্ত।
এ প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, “এটা আমাদের রাজ্য তৃণমূলের বিষয়, যাঁরা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। জেলা তৃণমূলের সিদ্ধান্ত নেওয়ার তো জায়গা নেই। তাই আমার বলার কিছু নেই।”
