Ritabrata Banerjee: কোন নাম ও প্রতীকে লড়বে ঋতব্রত শিবির, জানিয়ে দিল নির্বাচন কমিশন
Ritabrata TMC Symbol: আজ বেলা ১১টার মধ্যে দুই শিবিরকে তিনটি বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাবের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো ঋত শিবির তিনটি নাম ও বিকল্প প্রতীক পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকেই ঋতব্রতদের জন্য নতুন নাম ও প্রতীকের উপর সিলমোহর দিল কমিশন।

কলকাতা: ঋতব্রত তৃণমূল (Ritabrata TMC) কোন নাম ও প্রতীকে উপনির্বাচনে লড়বে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। খাম প্রতীকে লড়াই করবেন ঋতব্রতরা (Ritabrata Banerjee)। আর দলের নাম হবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, আজ বেলা ১১টার মধ্যে দুই শিবিরকে কমিশনের তালিকা থেকে তিনটি বিকল্প নাম ও প্রতীকের বেছে তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো ঋত শিবির তিনটি নাম ও বিকল্প প্রতীক পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকেই ঋতব্রতদের জন্য নতুন নাম ও প্রতীকের উপর সিলমোহর দিল কমিশন।
কোন তিন নাম পাঠিয়েছিলেন ঋতব্রতরা?
বিকল্প নাম ও প্রতীকের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে মেইল করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেইল করে জানিয়েছিলেন, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস- যে কোনও একটি নামে লড়তে চান ঋতব্রতরা। সেই নামের মধ্যে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এ সিলমোহর দেয় কমিশন। প্রতীক হিসাবে আবেদন করা হয়েছিল ‘খাম’, ‘টর্চ’ ও ব্ল্যাকবোর্ডকে। তার মধ্যে থেকে খাম প্রতীকই ঘোষণা করল নির্বাচন কমিশন।
কী বললেন ঋতব্রত?
এই বিষয়ে ঋতব্রত টিভি৯ বাংলাকে বলেন, “প্রথম থেকেই ঋতব্রত তৃণমূল-এ আমাদের তীব্র আপত্তি ছিল। তিনটে যে নাম দিয়েছিলাম, সেখানে কোথাও ঋতব্রত শব্দটা নেই। আমরা সমষ্টিগতভাবে লড়াই করছি। এখানে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। আর কালীঘাট তৃণমূল যাঁদের বলা হচ্ছিল, তাঁরা ওই আলাদা নামের মধ্যেই ঘুরপাক খাচ্ছেন। নাম দিয়ে পার্টি বানিয়েছে।”
অন্যদিকে, মমতা শিবিরের নামও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ‘ফুটবলার’ প্রতীকে উপনির্বাচনে লড়বে মমতা-শিবির। দলের নাম হবে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’।
