Ritabrata Banerjee: ‘দীর্ঘজীবী হোক…’, জোড়াফুল ‘ফ্রিজ’ হতে মধ্যরাতে বার্তা ঋতব্রতর
Ritabrata Banerjee on Symbol Controversy: বৃহস্পতিবার কমিশনে নথি নিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কমিশনে কী কথা হয়েছে, তা না জানালেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে প্রতীক পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেন কমিশনকে, দিয়েছেন প্রয়োজনীয় নথিও।

কলকাতা: দু পক্ষের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তথা জোড়াফুল প্রতীক নিয়ে রায় দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। শিব সেনার মতোই তৃণমূলের ক্ষেত্রেও একই পথে হেঁটে প্রতীক ফ্রিজ করে দিয়েছে কমিশন। আসন্ন উপ নির্বাচনে কোনও পক্ষই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৈরি করা ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। কমিশন এই রায় দেওয়ার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়।
আশাবাদী ছিলেন ঋতব্রত
বৃহস্পতিবার কমিশনে নথি নিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কমিশনে কী কথা হয়েছে, তা না জানালেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে প্রতীক পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেন কমিশনকে, দিয়েছেন প্রয়োজনীয় নথিও।
‘উত্তর কোরিয়া নয়, দল কখনও প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না’
কমিশন কোনও পক্ষকেই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, সেই রায়কে স্বাগত জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে গণতান্ত্রিক দেশে কোনও দলের মালিকানা কারও হাতে থাকতে পারে না, সেটাই এবার প্রমাণিত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কমিশনের রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনও প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। এটা মগের মুলুক নয়। এটা উত্তর কোরিয়া নয়। এখানে ব্যক্তিগত মালিকানা বলে কিছু হয় না।” পরে আবার শুনানির সুযোগ থাকবে। শুক্রবার বৈঠক করে কোন নাম ও প্রতীক তাঁদের পছন্দ, সেটা কমিশনকে জানাবেন তাঁরা। কমিশনের সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন তিনি।
মধ্যরাতে পোস্ট
শুক্রবার মধ্যরাতে এক্স মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, “রাজনীতি এক চিরন্তন যুদ্ধ। প্রত্যেক ঘণ্টায়, প্রত্যেক মিনিটে, প্রত্য়েক সেকেন্ডের যুদ্ধ। এমন এক সংগ্রাম, যা প্রতিনিয়ত আমাদের স্বার্থ, অগ্রাধিকারকে বদলে দেয়।” তিনি আরও লিখেছেন, “ভারতের সংবিধানে প্রতিষ্ঠিত গণতন্ত্রের আদর্শ ও মূল্যবোধ দীর্ঘজীবী হোক।”
Politics is a permanent war; a war at every hour; a war at every minute; a war at every second – a war that changes interests, needs and priorities.
Long Live the eternal ideas & values of Democracy enshrined in India’s Constitution.
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) September 17, 2026
