SIR Tribunal List: মাত্র ৬ জনের নাম ‘ডিলিট’, দ্বিতীয় তালিকা প্রকাশ, আর কতজন ভোট দিতে পারবেন
SIR Supplementary List: প্রায় ৩০ লক্ষের বেশি মানুষ আবেদন করেছিলেন ট্রাইবুনালে। ১৯ জন প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সেই ট্রাইবুনালে নাম নিষ্পত্তির কাজ চলছে। কতদিনে সব নামের নিষ্পত্তি হবে, তা এখনও স্পষ্ট নয়। সাধারণ মানুষের ভোটাধিকার নিয়েও প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে।

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগে পর্যন্ত যতজনের নাম নিষ্পত্তি হবে, সেই তালিকা প্রকাশ করতে হবে। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার আগেও প্রকাশ হল আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার রাত ১২টা পর্যন্ত যত নামের নিষ্পত্তি হয়েছে, সেই সব নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে প্রকাশ হয়েছে সেই তালিকা।
কতজনের নাম জুড়ল?
প্রথম তালিকায় ১৩৯ জনের নাম যুক্ত হয় ও ৮ জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় তালিকায় জুড়ল ১৪৬৮ জনের নাম। বাদ পড়ল মাত্র ৬ জনের নাম। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্য়াপিলেট ট্রাইবুনাস ২ অপশনে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজে নেওয়া যাবে। যাঁদের নাম উঠল, তাঁদের বাড়িতে দ্রুত স্লিপ পাঠিয়ে দেওার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে বুধবার তাঁর ভোটটা দিতে পারেন।
মোট কত আবেদনকারী ভোটাধিকার পেল?
বিচারাধীন তালিকা থেকে ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। সব মিলিয়ে ট্রাইবুনালে জমা পড়ে ৩০ লক্ষের বেশি আবেদন। তার মধ্যে প্রথম দফার আগে ৬৫৭ জনের নাম নিষ্পত্তি হয়। সেখান থেকে ১৩৯ জনের নাম তালিকায় ওঠে। বাদ যায় ৮ জনের নাম। সে ক্ষেত্রে বাকিরা ভুল করে আবেদন করেছিলেন বলে উল্লেখ করে কমিশন। কমিশনের দাবি, ওই ১৩৯ জনের কাছেই ভোটার স্লিপ পৌঁছে দেওয়া হয়েছে। নিষ্পত্তি হওয়া নামের মধ্যে কত নাম বাদ গেল, তার হিসেব করলে হয় ১.২ শতাংশ। তবে ভুল করে আবেদন করা নামের ক্ষেত্রে কোনও স্পষ্ট ব্যাখ্যা কমিশন দেয়নি।
আজ, মঙ্গলবার যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে ১৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে। তবে মোট কত নামের নিষ্পত্তি হয়েছে, সেই তালিকা দেয়নি কমিশন। অর্থাৎ দুটি তালিকা প্রকাশ হলেও, লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
