
কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম সেমিস্টারের ভিত্তিতে উচ্চ-মাধ্যমিক। সকাল ৯টা বেজে ৫০ মিনিট দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। তবে এবারের উচ্চ-মাধ্যমিক বাকি বছরগুলির তুলনায় আলাদা। এটি চতুর্থ সেমিস্টার। এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। তবে পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের একাংশের মধ্যে বিস্তর ক্ষোভ। সিলেবাস শেষ না করেই পরীক্ষা, ক্ষোভ পড়ুয়া অভিভাবকদের।
পড়ুয়াদের একাংশের দাবি, সেপ্টেম্বরের শেষে হয়েছিল তৃতীয় সেমেস্টার। তারপর ছিল দুর্গাপুজো। আর তার জন্য পড়ে গিয়েছিল পুজোর ছুটি। যার জেরে সিলেবাস শেষ করার পর্যাপ্ত সময়ই পায়ননি পড়ুয়াদের অনেকেই। নভেম্বরে বই হাতে পেয়ে কার্যত দু’মাসের প্রস্তুতিতে হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। সমস্যা নিয়েই শুরু উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা।
অর্ণব দে বলেন, “আমাদের বেশি সময় হলে ভাল হত। চল্লিশ নম্বরের জন্য পরীক্ষা দিচ্ছি। তবে এবার তো ব্যাখ্যামূলক পরীক্ষা দেব। আর একটু সময় দিলে ভাল হত।” এক অভিভাবক বলেন, “আমার মনে হয় যে বই পড়ে ওরা পরীক্ষা দেবে সেটা সময় মতো দেওয়া উচিত ছিল। বলতে গেলে ওরা পিডিএফ দেখে পড়াশোনা করেছে। দ্বিতীয় সেমিস্টার ও তৃতীয় সেমিস্টার পড়েছে পিডিএফ দেখে। আর এবার নভেম্বরের শেষের দিকে বই পেয়েছে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেইপরীক্ষা ফেলে দিয়েছে। এতে বাচ্চাদের প্রিপারেশন ভাল করে হয়নি। সিলেবাস শেষ হয়নি। সরকারের কাছে আমার অনুরোধ একটু যদি পড়াশোনার প্রতি নজর দেন। কারণ সকলের ক্ষমতা নেই বেসরকারি মাধ্যমে পড়াশোনা করার।”