Modi-Mamata Meeting: রাজভবনে আজ মোদী-মমতা বৈঠক

Narendra Modi-Mamata Banerjee Meeting: বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্য-কেন্দ্রের টানাপোড়েন চলছে। এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েক মাসে ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। দিল্লিতে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ বিধায়করা।

Modi-Mamata Meeting: রাজভবনে আজ মোদী-মমতা বৈঠক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 01, 2024 | 1:56 PM

কলকাতা: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে আজ শুক্রবার রাজ্যে আসছেন তিনি। সূত্রের খবর, আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরামবাগে দুপুর ৩টে নাগাদ সভা রয়েছে মোদীর। সেখান থেকে রাজভবনে ফেরার কথা তাঁর। বিকাল ৫টা ২০ মিনিট নাগাদ সেখানে ফিরবেন তিনি। এরপর রাজভবনেই মমতার সঙ্গে সাক্ষাৎপর্ব বলে খবর।

বকেয়া নিয়ে গত কয়েক মাস ধরে রাজ্য-কেন্দ্রের টানাপোড়েন চলছে। এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েক মাসে ১০০ দিনের প্রকল্পের কাজের টাকা, আবাস যোজনার টাকা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। দিল্লিতে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ বিধায়করা।

কলকাতায় রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের টাকা তাঁর সরকারই দেবে বলে ঘোষণাও করেছে। ইতিমধ্যেই শ্রমিকদের তালিকা তৈরি করে টাকা ছাড়াও শুরু হয়েছে। সামনে আবার লোকসভা ভোট। সেই আবহে এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু।

এই বৈঠকের খবরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “এর মধ্যে নতুনত্ব কিছু নেই। এটাই তো হওয়ার কথা। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যাবেন না। কিন্তু দুর্নীতির গন্ধ পেলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ তো বারবার হয়ে এসেছে।”

কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের বক্তব্য, “প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক তো প্রোটোকলের মধ্যেই পড়ে। তবে রাজ্যের দেনাপাওনা নিয়ে বৈঠক করলে তো কাগজপত্র থাকে, আমলারা থাকেন। এখানে তো তেমন কিছু দেখি না। আসলে সবটাই লোক দেখানো।” এ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,সিপিএম-কংগ্রেসের কথায় লাভ নেই। লোকে ওদের বিধানসভায় শূন্য করে দিয়েছে।

Follow Us