Municipal BJP Candidate: পুরভোটে প্রার্থী হতে ইচ্ছুকদের ডেডলাইন, সোমবারের মধ্যেই ড্রপবক্সে জমা দিতে হবে আবেদন পত্র! কাদের জন্য দরজা খোলা রাখল বিজেপি?
Sukanta Majumder on Municipal Election Candidate: পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিয়েছেন, সমাজের বিশিষ্ট মানুষ, যাঁরা পুরভোটে লড়তে ইচ্ছুক, তাঁদের জন্য দরজা খোলা থাকবে। তবে, দলের কার্যকর্তা ও কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখবে বিজেপি।

কলকাতা: পুরভোটে (Municipal Election) প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য এবার সময়সীমা বেঁধে দিল বিজেপি। কালীপুজোর পরই অর্থাৎ নভেম্বরের শেষের দিকে রাজ্যে পুরভোটের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার পুরভোটে প্রার্থী হওয়ার জন্য সমাজের বিশিষ্টদের আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। একইসঙ্গে আবেদন জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে প্রার্থী হওয়ার আবেদনপত্র ড্রপবক্সে জমা দিতে হবে। প্রার্থী বাছাইয়ে কোন কোন বিষয় নজর রাখা হবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
প্রার্থী বাছাইয়ে কোন কোন শর্ত?
পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিয়েছেন, সমাজের বিশিষ্ট মানুষ, যাঁরা পুরভোটে লড়তে ইচ্ছুক, তাঁদের জন্য দরজা খোলা থাকবে। তবে, দলের কার্যকর্তা ও কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখবে বিজেপি। সুকান্ত মজুমদারের কথায়, যাঁর জেতার সম্ভাবনা বেশি, প্রার্থী বাছাইয়ের সময় তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর ভাবমূর্তি কেমন এবং স্থানীয় মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কতটা, তা-ও বিচার করা হবে। এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন স্তরের মতামত নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিজেপি। বুথ স্তর থেকে শুরু করে দলের উচ্চস্তর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। বুথ স্তরে তথ্য যাচাই করার পরই প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া এগোবে বলে জানিয়েছেন সুকান্ত।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর দ্রুত প্রার্থী তালিকা প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বিজেপির। সুকান্ত মজুমদারের দাবি, ভোট ঘোষণার তিন থেকে চার দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবে দল। সব মিলিয়ে, পুরভোটের আগে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি।
প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা কি পুরভোটে বিজেপির টিকিট পাবেন?
এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির যাঁরা পুরনো কার্যকর্তা, যাঁরাই ভোটের আগে বিজেপির সঙ্গে ছিলেন, তাঁদের বিশেষ গুরুত্ব। রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না।”
