Suvendu Adhikari on Sharbari Mukherjee: মঞ্চেই শর্বরীর প্রশংসা মুখ্যমন্ত্রীর, যাদবপুরে বিধায়কের কাজ নিয়ে বললেন…
Sharbari Mukherjee: সোমবার এদিন কুঁদঘাটে জলাশয় সংস্কারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় প্রমুখ। বক্তব্যের শেষের দিকে বিধায়কদের নাম পৃথক পৃথকভাবে উল্লেখ করেন শুভেন্দু।

কলকাতা: সম্প্রতি যাদবপুর ইস্যুতে একাধিকবার শিরোনামে এসেছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এসএফআই ও এবিভিপির সংঘর্ষের আবহে তাঁর বক্তব্য নিয়ে বিতর্কও হয়। আজ, সোমবার কুঁদঘাটে একটি অনুষ্ঠানের মঞ্চে সেই বিধায়কের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন কুঁদঘাটে জলাশয় সংস্কারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় প্রমুখ। বক্তব্যের শেষের দিকে বিধায়কদের নাম পৃথক পৃথকভাবে উল্লেখ করেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রী বলেন, “বোন শর্বরী মুখোপাধ্যায়কে ধন্যবাদ। যাদবপুরটাকে ধীরে ধীরে রাষ্ট্রবাদের লাইনে নিয়ে আসছেন। টুকরে টুকরে গ্যাং খুব ভয় পাচ্ছে শর্বরীদিকে দেখে।”
গত সেপ্টেম্বরে যাদবপুরে সংঘর্ষের আবহে বারবার রাষ্ট্রবাদের পক্ষে সওয়াল করেন শর্বরী। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিও জানিয়েছিলেন বিধায়ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় করার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। পাশাপাশি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন যাদবপুরের বিধায়ক।
তিনি স্পষ্ট বলেছিলেন, “আমার কথা, আমার শাড়ি, আমার চুল, আমার টিপ, আমার কাজল, আমার লিপস্টিকের সমালোচনা করে আমার স্টিলের মেরুদন্ডটা বাঁকানো যাবে না। যত ইচ্ছে সমালোচনা করুন, মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলব, রাষ্ট্রবাদের বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ হবেই।”
