Kolkata School: ‘স্যর’ ছুঁলেই ভয়! খাস কলকাতার স্কুলে সাংঘাতিক অভিযোগ, রিপোর্ট চাইল পর্ষদ
Kolkata School: পর্ষদে রিপোর্ট জমা দিয়েছেন ডিআই। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে। পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে স্কুলের তরফে।

কলকাতা: খাস কলকাতার স্কুলে ছাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। খোদ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’ বা অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। পুরো ঘটনায় রিপোর্ট তলব করল মধ্যশিক্ষা পর্ষদ। কম্পিউটার শেখানোর ফাঁকে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করা হত বলে অভিযোগ উঠেছে।
কলকাতার টালা আদর্শ বালিকা বিদ্যালয়ের ঘটনা। একাধিক ছাত্রী এই অভিযোগ সামনে আনেন। অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই শিক্ষক স্কুলে কম্পিউটার শেখাতেন। তবে তিনি সরকারি শিক্ষক নন, চুক্তিভিত্তিতে তাঁকে নিয়োগ করা হয়েছিল। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
পর্ষদে রিপোর্ট জমা দিয়েছেন ডিআই। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে। পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে স্কুলের তরফে।
পর্ষদ সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় বলেন, “স্কুল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি রিপোর্ট চেয়েছি। আমি বিষয়টা দেখে নিচ্ছি।” যা যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন পর্ষদ সভাপতি। তিনি আশ্বস্ত করেছেন, এমন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবরকম ব্যবস্থা নিচ্ছে পর্ষদ।
