
কলকাতা: ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী প্রকল্প’। তার আবেদন করার জন্য রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। কলকাতা সহ জেলায়-জেলায় যুবক-যুবতীরা লাইন দিয়েছেন বেকার ভাতার আবেদনের জন্য। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। তবে সবাই কিন্তু এই যুব সাথীর প্রকল্পের আওতায় থাকছেন না। কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? মহিলারাও কি পাবেন যুব সাথীর টাকা? লক্ষ্মীর ভান্ডার থাকলেও কি গ্রাহ্য হবে যুবসাথী? এই একগুচ্ছ প্রশ্ন রয়েছে অনেকের। জেনে নেওয়া যাক বিস্তারিত…
কারা পাবেন যুব সাথী?
২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই প্রকল্পে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসিক দেড় হাজার টাকা অর্থ সাহায্য করতে করা হবে। তবে চাকরি পেয়ে গেলে এই ভাতা বন্ধ। আর পাঁচ বছর পরও যদি চাকরি না মেলে, তাহলে তখন ভেবে দেখা হবে ফের একবার ভাতা পাবেন কি পাবেন না
এই প্রকল্পের সুবিধা কারা পাবেন না?
মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। বিবাহিত বা অবিবাহিত সকল মহিলা যাঁরা এই প্রকল্পের আওতায় রয়েছেন, মাসে-মাসে তাঁরা ১৫০০ টাকা করে পান সরকারের থেকে। তবে যুব সাথী প্রকল্প আসার পর প্রশ্ন উঠছে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা যাঁরা পান তাঁরাও কি এই যুব সাথীর আওতায় পড়বেন?
উত্তর হল না।
যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পান,তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
এছাড়া, যে সকল ব্যক্তি বা মহিলা সরকারি কিংবা বেসরকারি জায়গায় কর্মরত তাঁরাও এই প্রকল্পের আওতাভুক্ত নন।
কোন-কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে যুবসাথীর আবেদনে?
নিজের মোবাইল নম্বর দিতে হবে।
লাগবে আধার কার্ড
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ছবি
১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যর সব বিধানসভা এলাকায় এই প্রকল্পে আবেদনের জন্য ক্যাম্প চলবে। আবেদন গ্রহণের জন্য শিবিরের আয়োজন করা হয়েছে। www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইটেও আবেদনপত্র মিলবে।