
কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পারিষদদের আচমকাই ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে বেরিয়ে যান মালা রায়, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, পার্থ ভৌমিক, স্বপন সমাদ্দার, কুণাল ঘোষ, আমিরউদ্দিন ববিরা। সূত্রের খবর, সেই বৈঠক থেকে সুপ্রিমো মমতা ফের তৃণমূল নেত্রীবৃন্দদের পথে নামার বার্তা দিয়েছেন। বারেবারে বলেছেন, রাস্তায় নেমে মানুষকে পরিষেবা দেওয়ার কথা।
কী হল মমতার বৈঠকে?
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, “আপনারা বসে আছেন কেন? কেন এখনও রাস্তায় নামছেন না? আপনারা ভুলে যাচ্ছেন কেন, আপনাদের বোর্ড এখনও নির্বাচিত। তাই মানুষের পরিষেবা দিন। রাস্তায় নামুন।” ঠিক এই ভাষাতেই পুনরায় সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
১৬ নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে সম্প্রতি গ্রেফতার হয়েছেন। তাঁর পাশে প্রত্যেককে থাকার জন্য নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে,মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ, “কোনও কাজ যেন থমকে না থাকে।” কলকাতা পুরসভায় অধিবেশন বিতর্কের জেরে ফাইলপত্র সইসাবুদের ক্ষেত্রেও মেয়র এবং মেয়র পরিষদ সদস্যরা যেন সতর্ক থাকেন। সেই পরামর্শ দেন মমতা।
সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নিজে কখনো লড়াইয়ের পথ ছাড়েননি। তাই তিনি বিশ্বাস করেন, তাঁর দলের সৈনিকরা লড়াই করবেন। ময়দান ছেড়ে পালিয়ে যাবেন না। তিনি বলেন, “পুরসভার কমিশনার যদি মেয়র পরিষদ পারিষদ বৈঠক করতে না দেন, তাহলে নিজেরা নিজেদের মধ্যে বৈঠক করুন। চুপ করে বসে থাকবেন না।” একই সঙ্গে তিনি বলে দেন, আবার তৃণমূল ফিরবে। তৃণমূলকে আটকানোর ক্ষমতা কারো নেই। তাই লড়াই চালিয়ে যেতে হবে।