Paresh Ram Das Arrest: পুলিশের সব গতিবিধির খবর দিতেন বিধায়ককে! এবার গ্রেফতার পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়র
Paresh Ram Das Arrest Update: ওই সিভিক ভলান্টিয়ারের নাম বিকাশ সাহানি। মূলত, বিধায়ককে গা ঢাকা দিতে এবং পুলিশের নজর এড়িয়ে পালাতে সাহায্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ধৃত বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্যুরো (IB) ডিপার্টমেন্টে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ক্যানিং: ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধায়ক পরেশরাম দাসকে। ইতিমধ্যেই বিধায়কের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোবাইল-সহ লক্ষ লক্ষ নগদ। এই ঘটনায় এবার আরও এক বিস্ফোরক তথ্য সামনে এল। পুলিশ সূত্রে খবর, পরেশরাম দাসকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এক সিভিক ভলান্টিয়ার। ইতিমধ্যে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।
ওই সিভিক ভলান্টিয়ারের নাম বিকাশ সাহানি। মূলত, বিধায়ককে গা ঢাকা দিতে এবং পুলিশের নজর এড়িয়ে পালাতে সাহায্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ধৃত বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্যুরো (IB) ডিপার্টমেন্টে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, আইবি-তে থাকার সুবাদে পুলিশ এবং থানার সমস্ত গোপন গতিবিধির আগাম খবর পেয়ে যেতেন বিকাশ। আর সেই সমস্ত গোপনীয় তথ্য তিনি সরাসরি পাচার করতেন পরেশরাম দাসের কাছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিধায়ক পরেশরাম দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি ক্যানিংয়ে অবস্থিত তাঁর বাড়িতেও পুলিশ হানা দেয়। সেইসময় কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হলেও বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তদন্তকারী আধিকারিকদের অনুমান, সিভিক ভলান্টিয়রের সাহায্য়েই পুলিশের কোন টিম কখন কোথায় অভিযান চালাচ্ছে, সেই খবর পেয়েই বারবার নিজের অবস্থান বদলে পুলিশের চোখে ধুলো দিচ্ছিলেন বিধায়ক। ধৃত বিকাশ সাহানিকে জেরা করে এই চক্রে আর কোন কোন কর্মী বা প্রভাবশালীর হাত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
সোমবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল বিধায়ককে। ধৃতের কাছে ছিল বেশ কয়েকটি ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের। তাঁর ব্যাগ থেকে একে একে উদ্ধার হয়েছে ১১টি দামি মোবাইল ফোন। যার মধ্যে রয়েছে একাধিক অত্যন্ত মূল্যবান আইফোন (iPhone) এবং বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের দামি অ্যান্ড্রয়েড ফোন। শুধু মোবাইল ফোনই নয়, ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ টাকা ক্যাশ।
