TMC MP Sougata Roy: পার্সোনালি ফোন করে ভয় আর লোভ দেখানো হয়েছিল: সৌগত রায়
Sougata Roy: যে ২০ জন দিন এনডিএ-র শরিক হিসেবে থাকতে আবেদন জানালেন, তাঁদের কারও পার্লামেন্টারি পারফরম্যান্স ভালো নয় বলে মনে করেন সৌগত রায়। তাঁর কথায়, এই সাংসদদের এমন কিছু জেলায় প্রভাব নেই। তবে কাকলি ঘোষ দস্তিদার, যিনি প্রথম থেকে বেসুরো, তাঁকে সিনিয়র হিসেবে উল্লেখ করেন সৌগত।

কলকাতা: সোমবার যেভাবে ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-র অংশ হওয়ার দাবি জানিয়েছেন, তাকে ‘অপারেশন লোটাস’ বলেই উল্লেখ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। ২৮ জন সাংসদের মধ্যে যে ৮ জন পুরনো দলেই রয়ে গেলেন, তাঁদের মধ্যে অন্যতম সৌগত। তাঁর মতে, সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতেই বিজেপিই এই তৃণমূল সাংসদদের প্রভাবিত করছে। তাঁর দাবি, বিজেপি ভয় আর লোভ দেখায় বিরোধী দলের সাংসদদের। তবে, বিজেপি বলছে, পাপের ভাগীদার হবে না বলেই তৃণমূল সাংসদরা বিদ্রোহী হয়ে উঠেছেন।
সৌগতর কাছেও কি ছিল এমন কোনও অফার? বর্ষীয়ান এই সাংসদ বলেন, “ভয় আর লোভ দুটোই দেখানো হয়েছিল।” তবে কী বলা হয়েছিল, সে কথা বলতে নারাজ সৌগত। তিনি বলেন, “কে আমাকে পার্সোনালি ফোন করে কী বলেছেন, তা আমি টিভি-তে বলব না।” কী উত্তর দেন সৌগত? সাংসদ বলেন, “আমার দিক থেকে না করে দিয়েছি।”
তবে যে ২০ জন দিন এনডিএ-র শরিক হিসেবে থাকতে আবেদন জানালেন, তাঁদের কারও পার্লামেন্টারি পারফরম্যান্স ভালো নয় বলে মনে করেন সৌগত রায়। তাঁর কথায়, এই সাংসদদের এমন কিছু জেলায় প্রভাব নেই। তবে কাকলি ঘোষ দস্তিদার, যিনি প্রথম থেকে বেসুরো, তাঁকে সিনিয়র হিসেবে উল্লেখ করে সৌগত বলেন, “উনি ছেলেকে দাঁড় করাতে চেয়েছিলেন, সেটা হয়নি।”
