AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: ‘রাষ্ট্রপতির কাছে এখনও পৌঁছয়নি’, বিল কোথায় রয়েছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari on anti Goonda Bill: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আমরা বিলটি যেখানে পাঠিয়েছি, সেই স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করি। সাধারণভাবে কোনও বিলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে যেতে হয়। সেক্ষেত্রে এই বিলের দুটো পার্ট ছিল। একটা তো ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে।"

CM Suvendu Adhikari: 'রাষ্ট্রপতির কাছে এখনও পৌঁছয়নি', বিল কোথায় রয়েছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 11:31 PM
Share

কলকাতা: গুন্ডা দমন বিল রাষ্ট্রপতির কাছে এখনও পৌঁছয়নি। তা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। গুন্ডা দমন বিল নিয়ে শুক্রবার দিনভর শোরগোল পড়ার পর রাতে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দিলেন, গুন্ডা দমন বিল নিয়ে ভুয়ো ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করলেন, রাষ্ট্রপতির কাছে পৌঁছনোর পর তাঁরা বিলে অনুমোদন পাবেন।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

এদিন সকালে জানা যায়, গুন্ডা দমন বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করেননি। তিনি তা ফেরত পাঠিয়েছেন। এই নিয়ে বিভিন্ন মহলে শোরগোল পড়ে। বর্ধমানে এই নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এদিন দুপুরে জানিয়েছিলেন, রাজ্য সরকার যা করে, আইন মেনেই করে। এরপর কলকাতায় ফিরে রাতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, যে বিল নিয়ে এত আলোচনা, তার দুটো পার্ট রয়েছে। একটি পার্ট ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। অন্য বিলটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতি বিলে অনুমোদন করেনি বলে খবর ছড়িয়ে পড়ার পর রাজ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বিলটি যেখানে পাঠিয়েছি, সেই স্বরাষ্ট্র মন্ত্রকে যোগাযোগ করি। সাধারণভাবে কোনও বিলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে যেতে হয়। সেক্ষেত্রে এই বিলের দুটো পার্ট ছিল। একটা তো ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। সম্পতি বাজেয়াপ্ত করা, সুদ-সহ তিন গুণ আদায় করা। তাতে আমরা অনেকগুলো পদক্ষেপও করেছি। আসানসোলে পুলিশ ফাঁড়ি ভাঙাতে আদায়ও করা হয়েছে।”

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “দ্বিতীয় হল প্রিভেনটিভ গ্রেফতার। বিলের কোথাও গুন্ডা বলে ভাষা নেই। সাংবাদিকদের তৈরি করা ভাষা। আমরাও কখনও কখনও বলেছি। আজকেও আমি বর্ধমানে বলেছি, যে গুন্ডারাই টুইট করছে। গুন্ডারাই সাংবাদিক বৈঠক করছে। এই বিল আমরা আমাদের পাওয়ারের মধ্যে থেকেই করেছি। সংবিধানের সপ্তম শিডিউলের ২৫৪(২) অনুচ্ছেদে আমাদের পাওয়ারের মধ্যেই এই বিল। NDPS অ্যাক্টের ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ ও কেরল সংশোধনী এনেছিল, সেজন্য রাষ্ট্রপতি কাছে পাঠাতে হয়েছিল। আমরা এখানে ৩ বছর পর্যন্ত যে সাজা সেটাকে জামিন অযোগ্য হিসেবেই এই বিলে রাখা হয়েছে। সেই জন্যই পাঠানো হয়েছে।”

‘রাষ্ট্রপতির কাছে এখনও বিল পৌঁছয়নি’-

ভুয়ো ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে এই বিল পৌঁছায়নি। দ্বিতীয়ত, আমরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পর যেটুকু পেয়েছি, রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠানোর আগে আইন মন্ত্রক-সহ যে মন্ত্রকগুলি যুক্ত, তারা তাদের যা প্রক্রিয়া, তা করছে। ফলে এটা একেবারে ভিত্তিহীন, ভুয়ো। আমি আবার নিশ্চিত করছি, দুটো পার্টের বিল ছিল। একটা বাস্তবায়ন হয়েছে। অন্যটাও বাস্তবায়ন হবে। যাঁরা নিজেদের গুন্ডা মনে করেন, তাঁরাই এসব কথা বলছেন। আসল কথা তাঁরা নিজেরাই জানেন, এই বিলে যে ধারা রয়েছে, তাতে আগামিদিনে যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে আইন হাতে তুলে ক্ষমতায় অপব্যবহার করা হয়, এগুলো ভবিষ্যতে করতে পারবেন না।”

সবশেষে তিনি বলেন, “এত রাতে স্বরাষ্ট্র সচিব ও ডিজিপির উপস্থিতিতে আপনাদের জানিয়ে দিলাম, এটা একেবারে ভুয়ো। এসব চর্চা না করে ভালো কাজে সময় ব্যয় করুন, এটাই আবেদন করছি। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রয়েছে। আমরা স্টাডি করেই করেছি। ভারতীয় ন্যায় সংহিতায় জামিন যোগ্য রয়েছে। যেহেতু জামিন অযোগ্য করতে চেয়েছি, সেজন্য আলোচনা চলছে।” বিলে তাঁরা অনুমোদন পাবেন বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

Follow Us