
কলকাতা: ‘বামেরা লক্ষাধিক টাকা ঋণ চাপিয়ে চলে গিয়েছে।’ সিপিএম-কে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হামেশাই এই অভিযোগ করতে শোনা যায়। বিভিন্ন জনসভা হোক বা প্রশাসনিক সভা, বহুবার এই অভিযোগ করেছেন তিনি। এবার সাংবাদিক বৈঠক করে তা খণ্ডালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুধু খণ্ডালেন বলা ভুল,আবার হিসাব করেও বুঝিয়ে দিলেন বাম চেয়ারম্যান।
তিনি বলেন, “একটা কথা বারবার শাসকদলের বক্তারা বলেন, আমরা কী করে রাজ্যের উন্নয়ন করব। আমাদের ঘাড়ের উপর ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা ঋণ চাপিয়ে চলে গেছে। এখন ঋণ হয়েছে ৭ লক্ষ ১৪ হাজার কোটি টাকা।”
এরপর একটা হিসাব বোঝান বিমান। এই ঋণ শুধু বিগত ৩৪ বছরের ঋণ নয়। দেশ স্বাধীনের পর থেকে বাম আমল পর্যন্ত মেলানো হিসাব। বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ” এটা কিউমিলেটিভ এফেক্ট (আগের এবং বর্তমান মিলিয়ে এই ঋণ) হয়। দেশ স্বাধীনের পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডঃ প্রফুল্ল ঘোষ। নির্বাচনের আগে আসেন বিধানচন্দ্র রায়। তারপর প্রফুল্ল চন্দ্র সেন। আবর বিধানচন্দ্র রায়, তারপর আসেন সিদ্ধার্থ শঙ্কর রায় তারপর জ্যোতি বসু ও তারপর বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু বামফ্রন্ট সরকারের বেলায় ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা ঋণ ছিল তা নয় না।” অর্থাৎ এই ঋণের অঙ্ক বেড়েছে সেই দেশ স্বাধীনের পর থেকে। তিনি বলেন, “গত ৬৪ বছরে ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা ঋণ? আর ১৫ বছরে ৫ লক্ষের কোটি টাকার উপরে ঋণ। এটা তৃণমূলের আমলে। জবাব কে দেবে? যাঁরা বলে উন্নয়ন কী করে করব? তার জবাব দেবে কি কেউ?”