
কলকাতা: বয়স একুশ। মাধ্যমিক পাশ করেছেন। চাকরির চেষ্টা করছেন। তবে এখনও চাকরি পাননি। বাংলার মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে তৃণমূল সরকার। আর সেই প্রকল্পের নাম যুব সাথী। একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বেকার যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে পাবেন। পাঁচ বছর দেওয়া হবে এই টাকা। তারপর ফের পর্যালোচনা করা হবে।
তৃণমূল নেতা-নেত্রীরা প্রায়ই বলেন, লক্ষ্মীর ভান্ডারে মহিলারা গত পাঁচ বছরে ৬০ হাজার টাকা পেয়েছেন।তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা আরও বেশি পেয়েছেন। তাঁরা এই ৫ বছরে ৭২ হাজার টাকা পেয়েছেন। এবারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারে আরও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে মহিলা বছরে আরও ৬ হাজার টাকা বেশি পাবেন।
সেই হিসেবে যুব সাথী প্রকল্পেও বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে বছরে ১৮ হাজার টাকা ঢুকবে। পাঁচ বছর এই টাকা পাবেন বেকাররা। ফলে পাঁচ বছরে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ৯০ হাজার টাকা করে। পাঁচ বছর পর আবার পর্যালোচনা করা হবে। তখনও যদি কেউ চাকরি না পেয়ে থাকেন কিংবা ৪০ বছরের বেশি বয়স না হয়ে যায়, তিনি আবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
বিধানসভার অন্তর্বর্তী বাজেটে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, আগামী অগস্ট মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন বেকার যুবক-যুবতীরা। তবে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন বেকার যুবক-যুবতীরা। অর্থাৎ ভোটের আগেই শুরু হচ্ছে যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের জন্য ফেব্রুয়ারি থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প বসানো হবে। সেখানে বেকার যুবক-যুবতীরা আবেদন জানাতে পারবেন। আর আবেদন খতিয়ে দেখার পর এপ্রিলের ১ তারিখ থেকেই মাসে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা পেতে শুরু করবেন। ৫ বছরে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ৯০ হাজার টাকা। তবে অন্তর্বর্তী বাজেটে এই রকম প্রকল্পের কথা ঘোষণা করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।