C V Ananda Bose: ‘অত্যন্ত ভয়াবহ, গুরুতর গোছের অভিযোগ, রাজ্যপালের উচিত…’, মুখ খুললেন সায়নী-লাভলী
C V Ananda Bose: সায়নীর মতোই একই সুর তৃণমূলের অপর তারকা নেত্রী তথা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের গলাতেও। যে অভিযোগ উঠে আসছে, সেই প্রসঙ্গে লাভলী জানান, 'ইতিহাসে এ ঘটনা প্রথম। বিগত দিনে এমন কোনও ঘটনা ঘটেনি।'

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূলের যুব নেত্রী তথা যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তৃণমূলের তারকা নেত্রীর বক্তব্য, কেউই আইনের ঊর্ধ্বে নন। রাজ্যপাল যাতে তদন্তে সহযোগিতা করেন, সে কথাও বলছেন সায়নী। যাদবপুরের তৃণমূল প্রার্থী বলেন, ‘আমি মনে করি না, কেউ আইনের ঊর্ধ্বে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখের ও ভয়াবহ। রাজ্যপাল নিজে যখন বলেন, সব বিষয়ে সকলের তদন্ত সহযোগিতা করা উচিত। আমি মনে করি, তাঁর বিরুদ্ধেও যদি কোনও অভিযোগ উঠে আসে, তাহলে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত। এটি অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়।’
সায়নীর মতোই একই সুর তৃণমূলের অপর তারকা নেত্রী তথা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের গলাতেও। যে অভিযোগ উঠে আসছে, সেই প্রসঙ্গে লাভলী জানান, ‘ইতিহাসে এ ঘটনা প্রথম। বিগত দিনে এমন কোনও ঘটনা ঘটেনি। এটা খুব নিন্দনীয় ও লজ্জাজনক। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে… তাঁর উচিত তদন্তে সহযোগিতা করা। আইনের ঊর্ধ্বে কেউ নন। যদি কোনও মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, সেটা তো তদন্ত হওয়া উচিত। গোটা বিষয়টি তো তদন্তসাপেক্ষ।’
উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ওই মহিলা। হেয়ার স্টিট থানায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও রাজ্যপালের বক্তব্য, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোটের বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে। সত্য সামনে আসবে।’ তবে গত সন্ধের ওই অভিযোগের পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূলের দুই তারকা নেত্রী সায়নী ঘোষ ও লাভলী মৈত্রও।
