Nabanna: ১৫ তারিখেই মিলবে বেতন-পেনশন, পুজোর আগে বড় সিদ্ধান্ত
Govt Employees: বেতন ও পেনশন নিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে অর্থ দফতরের তরফ থেকে। মেমোতে সইও করেছেন অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্রা। সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।

কলকাতা: সেপ্টেম্বর মাস প্রায় শেষ হওয়ার পথে। মাস ফুরোলেই অক্টোবর অর্থাৎ পুজোর মাস। আর পুজো মানেই উপহারের মরশুম। বছরের এই কয়েকটি বিশেষ দিনে আনন্দের রসদ জোগাতে পকেটেও পড়ে টান। তবে এবার সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Govt)।
সাধারণত মাসের শেষ দিনে অর্থাৎ ৩০ বা ৩১ তারিখে বেতন হয় সরকারি কর্মীদের। ওইদিনেই পেনশন পান অবসরপ্রাপ্ত কর্মীরা। এবার দুর্গাপুজো শুরু হচ্ছে মাসের মাঝামাঝি সময় থেকে। ১৬ অক্টোবর তারিখে দুর্গা পুজোর ষষ্ঠী। তার আগেই কর্মীদের বেতন দেওয়ার ব্য়বস্থা করছে শুভেন্দু-সরকার।
অক্টোবর মাসের বেতন, মজুরি ও পেনশন অগ্রিম দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দফতর। নবান্ন থেকে জারি করা মেমো নং ৩৫৫৫-F(Y) অনুযায়ী, ২০২৬-এর অক্টোবর মাসের বেতন, গ্রান্ট-ইন-এইডের অধীনে বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড, সাম্মানিক এবং পেনশন, ফ্যামিলি পেনশন সবই ১৫ অক্টোবর দেওয়া হবে।
বর্ধিত মহার্ঘ ভাতা সহ এই বেতন দেওয়া হবে। এছাড়া, DDO এবং Deposit Account-এর অ্যাডমিনিস্ট্রেটরদের ট্রেজারিতে বিল অনেক আগে জমা দিতে বলা হয়েছে, যাতে ১৫ তারিখেই ম্যান্ডেট দেওয়া যায়। মাসের মাঝামাঝি বা পুজোর আগে বেতন এসে গেলে, স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে হাসি ফুটবে সরকারি কর্মীদের মুখে।
