
কলকাতা: এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে লাগাতার নিশানা করে চলেছে রাজ্যের শাসকদল। সেই দ্বন্দ্ব ভুলে ভোটার তালিকা নিয়ে আলোচনার জন্য এবার নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে থাকছে রাজ্য। দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৈঠকে থাকছেন রাজ্যের প্রতিনিধি। রাজ্য নির্বাচন কমিশনারের পদ খালি থাকায় তাঁর জায়গায় প্রতিনিধি যাবেন এই বৈঠকে।
দিল্লিতে সব রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। রোল বা ভোটার তালিকা যাতে কেন্দ্রীয় তালিকায় নেওয়া হয়, তাই জানাবে কমিশন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যকেও। যদিও রাজ্য নির্বাচন কমিশনার না থাকায় এ রাজ্য থেকে আলোচনায় আদতে কেউ থাকবে কি না, সেই প্রশ্ন উঠছিল। তার উপর এসআইআর নিয়ে চাপানউতোর এখনও জারি। শেষপর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন নিয়ে ডাকা সম্মেলনে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে নবান্ন। শেষ পর্যন্ত নবান্নের নির্দেশে ওই সম্মেলনে যাচ্ছেন বিশেষ সচিব নীলাঞ্জন সান্ডিল্য।
এর আগে শেষবার এমন বৈঠক হয়েছিল ১৯৯৯ সালে। মঙ্গলবার সম্মেলনে সভাপতিত্ব করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সকাল ৯টায় হবে বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনগুলি পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে। মঙ্গলবারের এই বৈঠকের মূল উদ্দেশ্য হল নির্বাচন প্রক্রিয়া ও লজিস্টিক ব্যবস্থায় সমন্বয় বাড়ানো। এবং কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতামূলক ফেডারেল কাঠামোকে আরও শক্তিশালী করা।
গত বছরের অক্টোবরের শেষে বাংলায় এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের দ্বন্দ্ব চলছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-র বিভিন্ন ইস্যুতে লাগাতার কমিশনকে তোপ দেগে চলেছেন। এই আবহে দিল্লিতে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে জ্ঞানেশ কুমারের বৈঠকে রাজ্যেের প্রতিনিধি পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।