WB Election 2026: কেন ৮ দফার বদলে ২ দফায় ভোট হচ্ছে বাংলায়
West Bengal Assembly Election 2026: দফা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাইছে না তৃণমূল। দলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, "আগে বিরোধীরা চেয়েছিলেন ৮ দফায় ভোট হোক, দেখেছেন কোনও লাভ হয়নি। এবার বলছেন ২ দফায় হোক। এতে তৃণমূলের কিছু যায় আসে না। ভোট দেবে মানুষ। দফা বদলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও কিছু হবে না।"

নয়া দিল্লি: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় ভোট হয়েছিল ৮ দফায়। কমিশনের সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয় পরবর্তীতে। এবার ৮ থেকে দফা কমিয়ে ২ করে দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি দফা কমানোর দাবি জানিয়েছিলেন কমিশনে। সেটাই কার্যত মেনে নিয়েছে কমিশন।
২০২৬-এর নির্বাচন হবে ২ দফায়। ২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিন ঘোষণা করা হয়েছে। বাকি চার রাজ্যে নির্বাচন হবে এক দফাতেই। পাঁচ রাজ্যের ভোট গণনা হবে ৪ মে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি বাংলায় এসেছিলেন। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন তিনি। বাম প্রতিনিধিরা বেরিয়ে জানান, তাঁর ১-২ দফায় ভোট করার আর্জি জানিয়েছেন। তবে তৃণমূল এ ব্যাপারে কোনও কথা বলেনি। মূলত এসআইআর নিয়ে সওয়াল করে বেরিয়ে আসে তারা। জ্ঞানেশ কুমার বলেন, “কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।”
দফা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাইছে না তৃণমূল। দলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আগে বিরোধীরা চেয়েছিলেন ৮ দফায় ভোট হোক, দেখেছেন কোনও লাভ হয়নি। এবার বলছেন ২ দফায় হোক। এতে তৃণমূলের কিছু যায় আসে না। ভোট দেবে মানুষ। দফা বদলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও কিছু হবে না।” তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, অন্য রাজ্য়ে এক দফায় ভোট হওয়া সত্ত্বেও বাংলায় ২ দফায় ভোট হচ্ছে, এতে লজ্জা হওয়ার উচিৎ।
