Shamik Bhattacharya: ‘বাংলায় আরও একটা SIR- প্রয়োজন’, কেন ব্যাখ্যা দিয়ে বললেন শমীক?
Shamik Bhattacharya Demands Fresh SIR: শমীক ভট্টাচার্যের দাবি, আগেরবার সংশোধন চলাকালীন একাধিক জায়গায় সরকারি নথিপত্র ছিনতাই করে আগুন লাগিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের কর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি সে সময়ে বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

কলকাতা: বাংলায় আবারও হবে SIR? সেই সওয়ালই করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি SIR প্রসঙ্গে বাংলার SIR চলাকালীন পরিস্থিতি বর্ণনা করতে থাকেন। তিনি অভিযোগ করেন, আগের বার তালিকা সংশোধনের সময় তৎকালীন শাসকদলের মদতে ব্যাপক হিংসা ও বিশৃঙ্খলা ছড়িয়েছিল। সঠিক ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে বাংলায় আবারও নতুন করে এই প্রক্রিয়া চালানো প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
সংবাদ সংস্থা PTIএর একটি প্রতিবেদন অনুযায়ী, শমীক ভট্টাচার্যের দাবি, আগেরবার সংশোধন চলাকালীন একাধিক জায়গায় সরকারি নথিপত্র ছিনতাই করে আগুন লাগিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের কর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি সে সময়ে বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি অভিযোগ তোলেন, SIR-এর কাজ করতে গিয়ে শিকার হতে হয়েছিল বিডিও (BDO), অঙ্গনওয়াড়ি কর্মী এবং বুথ লেভেল এজেন্টদেরও (BLA)। আর সে কারণেই দ্বিতীয়বার বাংলায় SIR এর দাবি তুলেছেন শমীক।
‘ভোট চুরি’র অভিযোগ খারিজ ও কমিশনকে প্রশংসা
SIR নিয়ে কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছে ইন্ডি জোট। তাতে সামিল হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কমিশনের বিরুদ্ধে ওঠানো ‘ভোট চুরি’র অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের পুরস্কৃত হওয়া উচিত।” এর পাশাপাশি চলমান কিছু আন্দোলনকে নিশানা করে তিনি বলেন, গণতন্ত্রে প্রতিবাদের অধিকার থাকলেও ‘মবোক্রেসি’ কখনও গণতন্ত্রের বিকল্প হতে পারে না। জনগণের কাছে প্রত্যাখ্যাত রাজনৈতিক দলগুলিই প্রশাসন ও বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন।
