West Bengal Weather: নামছে তাপমাত্রা! কোন জাদুতে ফের শীতের কামব্যাক?
Kolkata Temperature: এরমধ্যে গোটা রাজ্যে কোথাওই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গত ২৪ ঘণ্টাতেই কোনও জেলাতেই কোনও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা যেতে পারে।

কলকাতা: বিগত কয়েক সপ্তাহে একের পর এক ঝঞ্ঝার জেরে দফারফা হয়েছে শীতের। চড়চড়িয়ে বেড়েছে তাপামাত্রা। শীতের বিদায় যে আসন্ন তা একেবারে স্পষ্ট হয়ে যায়। এরইমধ্যে ঝঞ্ঝার ফাঁড়া কাটিয়ে ‘কামব্যাক’ করতে চলেছে শীত। ৩ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিনই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ। মেঘ কাটলেই গতি বাড়বে উত্তুরে হাওয়ার। আবহাওয়াবিদরা বলছেন, ১৫ ডিগ্রির কিছুটা নীচেও নামতে পারে কলকাতার পারদ। ফের ১০ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তবে সন্ধে থেকে সকাল পর্যন্তই মিলবে শীতের আমেজ।
অন্যদিকে এরমধ্যে গোটা রাজ্যে কোথাওই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গত ২৪ ঘণ্টাতেই কোনও জেলাতেই কোনও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বৃহস্পতিবার ভোর ও খুব সকালের দিকে উত্তরবঙ্গের দু একটা জায়গায় ঘন কুয়াশা দেখা যেতে পারে।
আগামী ৩ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে গোটা দিনের অন্য সময়ে তাপমাত্রার খুব একটা বদলের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
