Koyel Mallick: ‘মানুষের উপকারে যাতে লাগতে পারি…’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন কোয়েল
Koel Mallick: এ দিন, বিধানসভায় কোয়েল তাঁর স্বামী নিসপাল সিং রানের সঙ্গে ঢোকেন। তিনি জানান এই প্রথমবার তিনি বিধানসভায় এসেছেন। এরপর তিনি বলেন, "অসাধারণ লাগছে। এটা একটা বিশাল বড় দায়িত্ব। সকলের কাছ থেকে আর্শীবাদ চাইব, যাতে মানুষের উপকারে লাগতে পারি। মানুষকে সাহায্য করতে পারি, ভাল রাখতে পারি।"

কলকাতা: এতদিন ছিলেন শুধুই রূপোলী পর্দায়। তাঁর অভিনয়ে মাত হয়েছেন দর্শকরা। বাংলা সিনেমার অত্যন্ত্র জনপ্রিয় মুখ তিনি। অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক আর শুধু একজন অভিনেত্রীই নন। তাঁর পা পড়েছে রাজনীতির জগতে। বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিতে আসেন কোয়েল। তখনই হাসিমুখে বললেন, “মানুষের যেন উপকারে আসতে পারি।”
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় যে চার প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হল কোয়েল মল্লিক। এতদিন বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনে তারকাদের প্রার্থী বানিয়ে চমকে দিত তৃণমূল। বলা ভাল, ভোট এলেই দেখা যেত বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের একাংশকে রাজনীতির ময়দানে। এমনকী, অনেক শিল্পীরা হয়ত টিকিট পান না, তবে তাঁরা মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। কিন্তু কোয়েলকে সেই অর্থে কোনওদিনই দেখা যায়নি। রঞ্জিত মল্লিকের বাড়িতে ‘উন্নয়নের পাঁচালি’ হাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন গিয়েছিলেন ঠিকই, তবে কোয়েলকে কোনওদিনই দেখা যায়নি কোথাও। সেই অভিনেত্রীরই নাম যখন ঘোষণা হয় তখন স্বাভাবিকভাবেই তা চমকপ্রদ ছিল সকলের কাছে।
এ দিন, বিধানসভায় কোয়েল তাঁর স্বামী নিসপাল সিং রানের সঙ্গে ঢোকেন। তিনি জানান এই প্রথমবার তিনি বিধানসভায় এসেছেন। এরপর তিনি বলেন, “অসাধারণ লাগছে। এটা একটা বিশাল বড় দায়িত্ব। সকলের কাছ থেকে আর্শীবাদ চাইব, যাতে মানুষের উপকারে লাগতে পারি। মানুষকে সাহায্য করতে পারি, ভাল রাখতে পারি।” বস্তুত, শুক্রবার অর্থাৎ আগামিকাল স্ক্রুটিনির দিন রয়েছে। আগামী ৯ তারিখ মনোনয়ন শেষবারের মতো প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা। ওই দিনই কে জয়ী হয়েছেন তার শংসাপত্র পেয়ে যাবেন।
