Kolkata Metro: ‘হাত পিঠ থেকে ধীরে ধীরে নামছে, প্যান্টের চেন খোলা’, কলকাতা মেট্রোয় ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর
Woman Alleges Harassment in Kolkata Metro: তরুণী বুঝতে পারেন, তাঁর শরীর স্পর্শ করছেন অভিযুক্ত। প্রতিবাদ করেন অভিযোগকারিণী। অভিযোগ, তাতেও কোন কাজ হয়নি। অশালীন আচরণ বেড়ে যায়। কিছুক্ষণ পরই ঘুরে জোরালো প্রতিবাদ করতে গিয়ে তরুণী দেখেন, অভিযুক্তের প্যান্টের চেন খোলা। পুরুষাঙ্গ প্রকাশ্যে। তরুণী চেঁচামেচি করতেই অভিযুক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে পুরুষাঙ্গ ঢাকার চেষ্টা করেন।

কলকাতা: ভিড়ের সুযোগ নিয়ে কলকাতা মেট্রোয় শ্লীলতাহানি। ভয়ঙ্কর অভিযোগ তরুণীর। বুধবার রাত ৯টা নাগাদ মেট্রোয় এক ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন বলে তরুণীর অভিযোগ। অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযোগকারিণীর বক্তব্য, অভিযুক্তের প্যান্টের চেন খোলা ছিল। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করেন তরুণী। তবে এখনও অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।
বুধবার চাঁদনি চক থেকে ৮টা ৫৭ মিনিটে মেট্রোয় ওঠেন অভিযোগকারিণী। অভিযুক্ত এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোয় ওঠেন। অভিযোগ, মহিলাদের সংরক্ষিত আসনের পাশে দাঁড়িয়ে থাকা অভিযোগকারিণীর পেছনে এসে দাঁড়ান অভিযুক্ত। কিছুক্ষণ পরই তরুণী বুঝতে পারেন, তাঁর শরীর স্পর্শ করছেন অভিযুক্ত। প্রতিবাদ করেন অভিযোগকারিণী। অভিযোগ, তাতেও কোন কাজ হয়নি। অশালীন আচরণ বেড়ে যায়। কিছুক্ষণ পরই ঘুরে জোরালো প্রতিবাদ করতে গিয়ে তরুণী দেখেন, অভিযুক্তের প্যান্টের চেন খোলা। পুরুষাঙ্গ প্রকাশ্যে। তরুণী চেঁচামেচি করতেই অভিযুক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে পুরুষাঙ্গ ঢাকার চেষ্টা করেন।
তরুণী জানান, তখন মেট্রো কামরায় প্রবল ভিড়। বাকি যাত্রীরা প্রতিবাদ করতেই অভিযুক্ত নেমে যান রবীন্দ্রসদনে। আতঙ্কিত তরুণীর দাবি, অভিযুক্ত মদ্যপ ছিলেন। এরপর কবি নজরুল মেট্রো স্টেশনে রাত ৯.২৪ মিনিটে নেমে অভিযোগকারিণী সেই স্টেশনে অভিযোগ জানান। তাঁর দাবি, সেখানে কোনও সাহায্য পাননি। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ তরুণীকে নিয়ে মেট্রোর সিসিটিভি ফুটেজ দেখতে প্রথমে আসে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে।
এরপর পুলিশ যায় চাঁদনি চক মেট্রো স্টেশনে। তারপর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আসে ফুটেজ দেখতে। শেষে ফের রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আসে ফুটেজ দেখতে। রবীন্দ্রসদনের ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।
কী বলছেন অভিযোগকারিণী?
টিভি৯ বাংলাকে অভিযোগকারিণী বলেন, “চাঁদনি চক মেট্রো স্টেশনে উঠেছিলাম। কবি নজরুলে যাওয়ার কথা ছিল। এসপ্ল্যানেডে ভিড় বেড়ে যায়। মহিলাদের সিটের সামনে দাঁড়িয়েছিলাম। কয়েক মুহূর্ত পর বুঝতে পারি, পিছনে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। খুব কষ্ট করে আমি যখন ঘুরে তাকাই, তখন দেখি, একটা হাত পিঠ থেকে ধীরে ধীরে নামছে। ফিরে দেখি, প্যান্টের চেন খোলা ছিল। অত্যন্ত অশালীন ভঙ্গিতে ছিল। তখন ওঁকে কয়েকজন ঘিরে ধরেন। প্লাস্টিক দিয়ে ওখানটা চেপে রেখেছিলেন। যাতে বিষয়টা স্পষ্ট না হয়। প্লাস্টিকটা তাঁর হাত থেকে পড়ে যায়। উনি রবীন্দ্র সদনে নেমে যান।”
তিনি আরও বলেন, “উনি যাতে নামতে না পারেন, সেজন্য অন্যদের বলেছিলাম। ততক্ষণে উনি নেমে যান। আমি ফোটো, ভিডিয়ো করতে পারিনি। কারণ, ব্যাগে ফোন ছিল। অন্য এক মহিলা বলেন, ওই ব্যক্তি আগেও এরকম করেছেন।”
