AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: বাবার সঙ্গে অনবরত তুলনা! বিরক্ত হন শাহরুখ পুত্র আরিয়ান?

Aryan Khan: বাবার সঙ্গে চেহারার মিল তো আছেই, বুদ্ধি আর ব্যক্তিত্বেও নাকি শাহরুখ খানের ছাপ! এই লাগাতার তুলনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরিয়ান খান। এই তুলনাতে কী ক্ষুব্ধ হন তিনি?

Shah Rukh Khan: বাবার সঙ্গে অনবরত তুলনা! বিরক্ত হন শাহরুখ পুত্র আরিয়ান?
কী বলেছেন আরিয়ান?
| Updated on: Nov 20, 2026 | 9:02 AM
Share

বলিউডে শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই একটা আলাদা ম্যাজিক। কয়েক দশক ধরে তাঁর অভিনয়, কথা বলার কায়দা আর রসবোধে মজে রয়েছে গোটা দুনিয়া। বাবার এমন আকাশছোঁয়া জনপ্রিয়তার ছায়া যে ছেলেমেয়েদের ওপর পড়বে, তা তো খুবই স্বাভাবিক। তবে সেই ছায়া থেকে বেরিয়ে নিজেদের রাস্তা নিজেরাই বেছে নিয়েছেন আরিয়ান খান (Aryan Khan) আর সুহানা খান।

২০২৩ সালে জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ ছবি দিয়ে অভিনয়ে পা রেখেছেন সুহানা। কিন্তু আরিয়ানের পছন্দ ক্যামেরার পিছনে থাকা। ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তাঁর পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দর্শকদের বেশ মন জয় করেছে। তবু পিছু ছাড়ছে না তুলনা। কেউ বলেন চেহারায় হুবহু বাবা, আবার কারও মতে বুদ্ধি আর ব্যক্তিত্বেও নাকি শাহরুখের ছাপ। অবশেষে বাবার সঙ্গে তুলনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন শাহরুখ পুত্র আরিয়ান।

তুলনা নিয়ে কী বললেন আরিয়ান?

এই লাগাতার তুলনা শুনে কি বিরক্ত হন শাহরুখ-পুত্র? একদমই না! বরং বিষয়টাকে দারুণ ইতিবাচকভাবেই দেখেন তিনি। আরিয়ানের সাফ কথা, “এক নম্বর মানুষের সঙ্গে তুলনা হওয়াটাকে আমি প্রশংসা হিসেবেই দেখি। উনি সত্যিই অসাধারণ একজন মানুষ।” বাবার পরিচয় নিয়ে যে তাঁর গর্বের শেষ নেই, তা এই কথাতেই স্পষ্ট। তবে বাবার নামের জোরে নয়, নিজের কাজ দিয়েই আলাদা পরিচয় গড়তে চান তিনি।

পরিচালনায় কেন এত টান?

প্রথম কাজেই বাজিমাত করেছে ‘দ্য ব্যাডস অফ বলিউড’। একটা ভাবনাকে পর্দায় ফুটিয়ে তোলার গোটা সফরটাই দারুণ উপভোগ করেন আরিয়ান। তাঁর কথায়, “কোনও ভাবনাকে বাস্তব রূপ দিতে আমার খুব ভাল লাগে। কাগজে লেখা থেকে শুরু করে কাজটা শেষ করা, পুরো বিষয়টাই আমি উপভোগ করি।”

ভালো পরিচালক হওয়ার আসল মন্ত্র কী? আরিয়ানের মতে, “গল্প তো আসলে একই থাকে। কিন্তু সেটাকে কীভাবে নতুন করে বলা যায়, কীভাবে অন্যরকম মোড় আনা যায়, সেটাই আসল। ছবিতে গল্প বলার ধরনটাই সবচেয়ে জরুরি।”

সামনে কী আসছে?

‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর পর আরিয়ানের পরের কাজ কী হতে চলেছে, তা নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে খুব তাড়াতাড়ি বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসছে তাঁর নতুন ছবি ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির। মজার বিষয় হল, এই ছবিতে বাবার সঙ্গে বড়পর্দায় দেখা যাবে সুহানা খানকেও। এছাড়াও থাকছেন দীপিকা পাড়ুকোন, জয়দীপ অহলাওয়াত, অভিষেক বচ্চন এবং অভয় বর্মা।

Follow Us