Zohran Mamdani: দীপাবলির শুভেচ্ছা বার্তায় মামদানির মুখে রামায়ণ-মহাভারত প্রসঙ্গ, হিন্দু-বিদ্বেষের বিরুদ্ধে সরব নিউ ইয়র্কের মেয়র
Zohran Mamdani Diwali Message: মামদানি আরও জানান, তাঁর মায়ের দিকের পরিবার পঞ্জাবি হিন্দু। ছোটবেলা থেকেই হিন্দু ধর্মের সৌন্দর্য ও প্রজ্ঞার সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। তিনি বলেন, "একজন পঞ্জাবি হিন্দু মা এবং গুজরাটি উগান্ডার মুসলিম বাবার সন্তান হিসেবে আমি বড় হয়েছি। ছোট থেকেই বুঝেছি, আমাদের যৌথ ঐতিহ্য কোনও একটি ভাষা বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।"

নিউইয়র্ক: নিউ ইয়র্কের মেয়র তিনি। জন্মও বিদেশে। কিন্তু, ভারতের সঙ্গে তাঁর রক্তের যোগ, আত্মার যোগ। কথা হচ্ছে জোহরান মামদানিকে (Zohran Mamdani)। ভারতীয় বংশোদ্ভূত সেই মেয়রের বক্তব্যে সম্প্রতি উঠে এল ধর্মের কথা, ধর্মের প্রতি সম্মানের কথা। তুলে ধরেন রামায়ণ-মহাভারত প্রসঙ্গ। দিলেন ধর্ম, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা। নিজের দফতর থেকে দেওয়া দীপাবলির শুভেচ্ছা বার্তায় মামদানি বলেন, ” রামায়ণ আমাদের আদর্শ ভাই, স্ত্রী, স্বামী এবং বন্ধু হওয়ার শিক্ষা দেয়। অন্যদিকে, মহাভারত দেখায় পরিবারের বাস্তব চিত্র। সেখানে সাহসী বীর এবং দেবতারাও ভুল করেন। আর সেই পরিস্থিতিতে ব্যক্তিগত আনুগত্যের আগে ধর্ম বা ন্যায়কে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মামদানি আরও জানান, তাঁর মায়ের দিকের পরিবার পঞ্জাবি হিন্দু। ছোটবেলা থেকেই হিন্দু ধর্মের সৌন্দর্য ও প্রজ্ঞার সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। তিনি বলেন, “একজন পঞ্জাবি হিন্দু মা এবং গুজরাটি উগান্ডার মুসলিম বাবার সন্তান হিসেবে আমি বড় হয়েছি। ছোট থেকেই বুঝেছি, আমাদের যৌথ ঐতিহ্য কোনও একটি ভাষা বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার মায়ের পরিবারের কাছ থেকেই ছোটবেলায় হিন্দু ধর্মের সৌন্দর্য ও প্রজ্ঞা সম্পর্কে জেনেছি।”
মামদানির এই বক্তব্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। হিন্দু মহাকাব্যের প্রসঙ্গ নিউ ইয়র্কের মেয়রের মুখে শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, “আমি মামদানির অনুরাগী নই। তবে এই বক্তব্য শুনে ভালো লাগল। প্রচলিত অর্থে উপাসক না হয়েও আমি আমাদের প্রাচীন হিন্দু মহাকাব্যগুলির বড় ভক্ত। সেখানে নৈতিকতার নানা দ্বন্দ্ব এবং জটিলতা তুলে ধরা হয়েছে।” অন্য এক ব্যক্তি মনে করিয়ে দিয়েছেন, মামদানির ভারতীয় শিকড়ের কথাও অনেকেই ভুলে যান।
‘সত্যের পথে পৌঁছনোর অনেক রাস্তা রয়েছে’
দীপাবলির বার্তায় হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা এবং মন্দিরে হামলার প্রসঙ্গও তুলে ধরেন মামদানি। তাঁর বক্তব্য, আলো ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে এখনও অনেক কাজ বাকি। গত এক বছরে হিন্দু মন্দিরগুলিকে নিশানা করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের উচ্চপদে থাকা নেতাদের বিরুদ্ধে শিখদের নিশানা করার অভিযোগও তোলেন তিনি। মামদানির দাবি, সমাজের প্রান্তে থাকা বিদ্বেষ এখন বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রচারের কেন্দ্রেও জায়গা করে নিয়েছে।
তিনি আরও বলেন, “হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্র আমাদের শেখায়, সত্যে পৌঁছনোর অনেক পথ রয়েছে। একই আলো প্রত্যেকের মধ্যেই বিরাজ করে। কেউ মন্দিরে প্রার্থনা করুন, কেউ মসজিদে বা গুরুদ্বারে যান, আবার কেউ কোনও উপাসনালয়েই না যান, সবার মধ্যেই সেই আলো রয়েছে।” দীপাবলির বার্তায় এই ভাবেই ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের কথা তুলে ধরেন নিউ ইয়র্কের মেয়র।
