বিদেশ গিয়ে অপ্রস্তুত হতে না চাইলে মাথায় রাখুন এই ১০ নিয়ম

যেকোনও জায়গায় যাওয়ার আগে সেই এলাকার সংস্কৃতি, ইতিহাস আর সামাজিক রীতিনীতি নিয়ে একটু পড়াশোনা করে নেওয়া উচিত। এতে সেই জায়গার সঙ্গে যেমন মানসিক টান তৈরি হয়, তেমনই নতুন পরিবেশে গিয়ে খেই হারিয়ে ফেলার ভয় থাকে না।

বিদেশ গিয়ে অপ্রস্তুত হতে না চাইলে মাথায় রাখুন এই ১০ নিয়ম

Mar 24, 2026 | 4:58 PM

ছুটি পেলেই আজকাল আমরা ব্যাগ গুছিয়ে পাড়ি দিই অজানার উদ্দেশে। পাসপোর্ট-ভিসা আর হোটেলের টিকিট তো গোছানো হল, কিন্তু যে দেশে যাচ্ছেন সেখানকার আদবকেতা বা ‘ট্রাভেল এটিকেট’ সম্পর্কে কতটা ওয়াকিবহাল আপনি? মনে রাখবেন, বিদেশের মাটিতে আপনি কেবল একজন পর্যটক নন, বরং নিজের দেশের প্রতিনিধি। আপনার সামান্য একটি ভুল আচরণ যেমন স্থানীয়দের মনে আঘাত দিতে পারে, তেমনই আপনাকে ফেলতে পারে চরম অস্বস্তিতে। তাই অচেনা মুলুকে যাওয়ার আগে ডায়েরিতে টুকে নিন এই ১০টি জরুরি নিয়ম।

যেকোনও জায়গায় যাওয়ার আগে সেই এলাকার সংস্কৃতি, ইতিহাস আর সামাজিক রীতিনীতি নিয়ে একটু পড়াশোনা করে নেওয়া উচিত। এতে সেই জায়গার সঙ্গে যেমন মানসিক টান তৈরি হয়, তেমনই নতুন পরিবেশে গিয়ে খেই হারিয়ে ফেলার ভয় থাকে না।

আপনার দেশে যা স্বাভাবিক, অন্য দেশে তা ঘোরতর অপরাধ হতে পারে। তাই স্থানীয় আইনের খুঁটিনাটি আগেভাগেই জেনে নিন। কোথাও কোনও সতর্কবার্তা দেখলে তা এড়িয়ে যাবেন না। কোনও বিষয়ে ধন্দ থাকলে স্থানীয়দের সঙ্গে কথা বলে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

সব সময় মাথায় রাখবেন, আপনি সেই দেশের অতিথি। স্থানীয়রা সেখানে তাঁদের প্রাত্যহিক জীবন কাটাচ্ছেন, আপনি গিয়েছেন বিনোদনের বা কাজের প্রয়োজনের জন্য। তাই তাঁদের নিজস্ব পরিসর ও জীবনধারাকে সম্মান করা উচিত।

পুরো ভাষা শেখার প্রয়োজন নেই, তবে স্থানীয় ভাষায় ‘হ্যালো’, ‘ধন্যবাদ’, ‘দুঃখিত’ বা ‘বাথরুম কোথায়’—এই সামান্য কয়েকটি শব্দ শিখে নিলে কাজ অনেক সহজ হয়ে যায়। বিদেশিদের মুখে নিজের ভাষার বুলি শুনলে স্থানীয়রা যেমন খুশি হন, তেমনই সাহায্যের হাতও বাড়িয়ে দেন দ্রুত।

বিদেশে গিয়ে স্থানীয় খাবার চেখে দেখা এক দারুণ অভিজ্ঞতা। তবে খাওয়ার ধরনেও ভিন্নতা থাকে। কোথাও থালা পরিষ্কার করে খাওয়াটা সৌজন্য, আবার কোথাও সেটা অভদ্রতা। কোথাও টিপস দেওয়া দস্তুর, আবার কোথাও তা অপমানজনক। এই ছোট ছোট বিষয়গুলো জানা থাকলে খাওয়ার আনন্দ বাড়ে কয়েক গুণ।

সব দেশে বাজারে গিয়ে দরাদাম করা ভালো চোখে দেখা হয় না। যেখানে এটি চলে না, সেখানে জোর জবরদস্তি করবেন না। বিক্রেতার শ্রম ও পণ্যের সঠিক মূল্য দিতে শিখুন।

নিজের পছন্দের পোশাক নিশ্চয়ই পরবেন, তবে গন্তব্যের সামাজিক পরিবেশের কথা মাথায় রেখে। বিশেষ করে ধর্মীয় বা ঐতিহাসিক স্থানে প্রবেশের সময় সেখানকার নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক।

হুটহাট যে কারও ছবি তোলা বা ফ্ল্যাশ ব্যবহার করা সব জায়গায় অনুমোদিত নয়। কারও ব্যক্তিগত ছবি তোলার আগে সৌজন্যের খাতিরে অন্তত একবার অনুমতি চেয়ে নিন।

ভ্রমণের সময় তাড়াহুড়ো করতে গিয়ে অন্যদের প্রতি রুক্ষ আচরণ করবেন না। ভিড় জায়গায় ধৈর্য ধরে অপেক্ষা করা এবং অন্যের ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধা রাখা একজন সুনাগরিকের পরিচয়।

বিদেশের মাটিতে গিয়ে স্থানীয় রাজনীতি নিয়ে তর্কে জড়ানো বা তাদের সংস্কৃতিকে খাটো করা একদমই অনুচিত। পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আপনার আচরণ যেন এমন হয়, যাতে সেই জায়গার মানুষ আপনার দেশ সম্পর্কেও ইতিবাচক ধারণা নিয়ে ফেরে।

Follow Us