কালো থেকে একেবারে ঝকঝকে রুপো, ঘরোয়া টোটকাতেই এবার ম্যাজিক
আলমারিতে তুলে রাখা প্রিয় রুপোর হার কিংবা পুজোর বাসন—কিছুদিন ব্যবহার না করলেই তাতে কালচে ছোপ পড়ে যায়। বাতাসের সালফারের সংস্পর্শে এসে রুপোর ওপর এই অক্সিডাইজড স্তর তৈরি হয়। তবে চিন্তার কিছু নেই, দামি পলিশ ছাড়াই মাত্র কয়েক মিনিটে রুপোর হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার সহজ কিছু ঘরোয়া টোটকা জেনে নিন--

আলমারিতে তুলে রাখা প্রিয় রুপোর হার কিংবা পুজোর বাসন—কিছুদিন ব্যবহার না করলেই তাতে কালচে ছোপ পড়ে যায়। বাতাসের সালফারের সংস্পর্শে এসে রুপোর ওপর এই অক্সিডাইজড স্তর তৈরি হয়। তবে চিন্তার কিছু নেই, দামি পলিশ ছাড়াই মাত্র কয়েক মিনিটে রুপোর হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার সহজ কিছু ঘরোয়া টোটকা জেনে নিন–
১. টুথপেস্টের জাদু সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল সাদা টুথপেস্ট (জেল নয়)। একটি নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে কালো হয়ে যাওয়া অংশে হালকা হাতে ঘষুন। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। নিমেষেই ফিরবে জেল্লা।
২. অ্যালুমিনিয়াম ফয়েল ও নুন একটি পাত্রে গরম জল নিয়ে তাতে এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল রাখুন। এবার তাতে দুই চামচ নুন বা বেকিং সোডা মিশিয়ে রুপোর গয়নাগুলো ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। ফয়েলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় রুপোর কালো ভাব সরাসরি ফয়েলে চলে যাবে। এরপর পরিষ্কার জলে ধুয়ে নিলেই কেল্লাফতে!
৩. লেবুর রস ও নুন অর্ধেক লেবুর রসের সঙ্গে এক চামচ নুন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি দিয়ে রুপোর বাসনে ঘষলে কালচে ছোপ দ্রুত পরিষ্কার হয়ে যায়। এটি রুপোর প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
৪. হ্যান্ড স্যানিটাইজার করোনা পরবর্তী সময়ে আমাদের সবার বাড়িতেই স্যানিটাইজার থাকে। রুপোর ছোট গয়না পরিষ্কার করতে এটি দারুণ কাজ করে। একটি পাত্রে কিছুটা স্যানিটাইজার নিয়ে তাতে গয়না ডুবিয়ে রাখুন, তারপর কাপড় দিয়ে মুছে নিলেই তা ঝকঝকে হয়ে উঠবে।
৫. টমেটো কেচাপ শুনতে অবাক লাগলেও, টমেটো সস বা কেচাপ রুপোর কালচে ভাব দূর করতে অত্যন্ত সহায়ক। সসে থাকা অ্যাসিড রুপোর অক্সিডাইজড স্তরের সঙ্গে বিক্রিয়া করে তাকে পরিষ্কার করে দেয়। ১৫ মিনিট সস মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন।
