How To Fix Salty Food: খাবারে ভুল করে বেশি নুন দিয়ে ফেলেছেন? এটা করলে কেউ টেরই পাবে না, বাড়বে স্বাদও
Kitchen Hacks: নুন বেশি হলেই গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে—পুরো পরিশ্রমটাই বুঝি জলে গেল! তবে অযথা প্যানিক না করে রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ ব্যবহার করলেই এই সমস্যার নিখুঁত সমাধান সম্ভব। অতিথিরা তো টেরই পাবেন না, উল্টে রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ।

সুস্বাদু রান্নাও কেবল নুনের হেরফেরে অখাদ্য হয়ে উঠতে পারে। অনেক সময়ই রাঁধতে গিয়ে অসাবধানতাবশত তরকারি, ডাল বা ঝোলে নুন একটু বেশি পড়ে যায়। আর নুন বেশি হলেই গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে—পুরো পরিশ্রমটাই বুঝি জলে গেল! তবে অযথা প্যানিক না করে রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ ব্যবহার করলেই এই সমস্যার নিখুঁত সমাধান সম্ভব। অতিথিরা তো টেরই পাবেন না, উল্টে রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ।
১. ঝোল বা রসা জাতীয় তরকারিতে নুন বেশি হয়ে গেলে কয়েক টুকরো কাঁচা আলু বা পেঁপে খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে তরকারিতে দিয়ে দিন। এরপর তরকারিটি হালকা আঁচে ৫ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন। আলু বা পেঁপে অতিরিক্ত নুন ও ঝোল শুষে নেবে। পরিবেশনের আগে চাইলে আলুর টুকরোগুলো তুলে ফেলে দিতে পারেন বা রেখেও দিতে পারেন।
২. যদি ডাল, সুপ কিংবা পাতলা ঝোলে নুন বেশি হয়, তবে সাধারণ আটার ছোট ছোট লেচি তৈরি করে ফুটন্ত তরকারিতে ফেলে দিন। আটার গোল্লা তরকারির বাড়তি নুন দ্রুত শুষে নেয়। পরিবেশন করার আগে আটার লেচিগুলো চামচ দিয়ে তুলে ফেলে দিলেই কেল্লাফতে!
৩. রিচ গ্রেভি, কষা মাংস বা পনিরের তরকারিতে নুন বেশি হলে টক দই, সামান্য কাঁচা দুধ, রান্নার ক্রিম কিংবা মাখন মিশিয়ে দিতে পারেন। এতে গ্রেভির অতিরিক্ত নুন ভাব যেমন কেটে যাবে, তেমনই তরকারিতে আসবে এক দারুণ ক্রিমি টেক্সচার এবং স্বাদে আসবে শাহী ছোঁয়া।
৪. সবজি বা শুকনো রান্নায় নুন বেশি হলে একটি আলাদা পাত্রে কিছুটা পেঁয়াজ কুচি বা টমেটো কুচি ভেজে রান্নায় মিশিয়ে দিন। এ ছাড়া হালকা ছাঁকা পেঁয়াজ ভাজাও ছড়িয়ে দেওয়া যেতে পারে। এতে নুনের প্রভাব কমার পাশাপাশি রান্নার স্বাদ ও সুবাস বহু গুণ বেড়ে যাবে।
৫.নুনের তীব্রতা কাটাতে অম্ল বা মিষ্টত্ব দারুণ কাজ করে। তরকারিতে আধখানা পাতিলেবুর রস চিপে দিলে বা সামান্য এক চিমটি চিনি মিশিয়ে দিলে নুনের কড়া ভাব সহজেই ব্যালেন্স বা সমতায় চলে আসে।
৬.ঘন্টো বা শুকনো কোনো সবজিতে নুন বেশি হলে সামান্য বেসন বা ছাতু শুকনো কড়াইতে হালকা সেঁকে নিয়ে রান্নায় ছড়িয়ে দিন। এতে রান্নার কাই বা গ্রেভি মাখামাখা হবে এবং অতিরিক্ত নুন ভাব এক নিমেষেই উধাও হয়ে যাবে।
