Coconut Sandesh Recipe: গুড় ও চিনি দিয়ে নারকেলের সন্দেশ বানান এভাবে, সময় লাগবে মাত্র কয়েক মিনিট
ফিউশন মিষ্টির পসরা সাজে, তবে মা-ঠাকুমাদের হাতের সেই ঐতিহ্যবাহী নারকেলের সন্দেশের যা স্বাদ, তার কাছে আজকের তথাকথিত নামীদামি দোকানের মিষ্টিও যেন নস্যি! এই পুজোয় বাইরের দোকান থেকে মিষ্টি কেনার বদলে, নিজের রান্নাঘরেই যদি বানিয়ে নেওয়া যায় সেই হারিয়ে যাওয়া স্মৃতির স্বাদ। হ্য়াঁ, কথা হচ্ছে নারকেল সন্দেশের।

উৎসব মানেই তো শুধু রঙিন জামা, প্যান্ডেল হপিং, দেদার আড্ডা নয়, উৎসবের আসল মাধুর্য লুকিয়ে থাকে পেটপুজোতেও। যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকাল পুজোয় রঙিন পেস্ট্রি বা ফিউশন মিষ্টির পসরা সাজে, তবে মা-ঠাকুমাদের হাতের সেই ঐতিহ্যবাহী নারকেলের সন্দেশের যা স্বাদ, তার কাছে আজকের তথাকথিত নামীদামি দোকানের মিষ্টিও যেন নস্যি! এই পুজোয় বাইরের দোকান থেকে মিষ্টি কেনার বদলে, নিজের রান্নাঘরেই যদি বানিয়ে নেওয়া যায় সেই হারিয়ে যাওয়া স্মৃতির স্বাদ। হ্য়াঁ, কথা হচ্ছে নারকেল সন্দেশের।
যা যা লাগবে–
নারকেল কোরা: ২ কাপ (একদম মিহি করে কোরানো)
আখের গুড় অথবা চিনি: ৩/৪ কাপ (এক কাপের চার ভাগের তিন ভাগ, নলেন গুড় বা গুড় ব্যবহার করলে স্বাদ ও রঙ দারুণ হয়)
এলাচ গুঁড়ো: ১/৪ চা-চামচ (সিকি চা-চামচ)
এভাবে বানান—
প্রথমেই একটি ভারী তলদেশের কড়াই বা ফ্রাইং প্যানে মিহি করে কোরা নারকেল এবং পরিমাপমতো আখের গুড় (কিংবা চিনি, যদি সাদা ধবধবে সন্দেশ চান) একসঙ্গে দিয়ে দিন। ওভেনের আঁচ মাঝারি রেখে ধীরে ধীরে কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে গুড় গলে নারকেলের সঙ্গে মিশে এক অপূর্ব রঙ ধারণ করবে। কড়াইয়ের মিশ্রণটি জ্বাল দিতে দিতে যখন চটচটে ভাব আসবে এবং নারকেলের মণ্ডটি কড়াইয়ের গা ছেড়ে জমাট বাঁধতে শুরু করবে, অর্থাৎ যখন সঠিক ‘পাক’ তৈরি হবে, ঠিক তখনই উপর থেকে ছড়িয়ে দিন এলাচ গুঁড়ো। এলাচের সুগন্ধী ছোঁয়ায় মিষ্টির স্বাদ বেড়ে যাবে বহুগুণ। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন।
এই ধাপটিই হল পুরনো দিনের কারিগরদের আসল রহস্য! কড়াই থেকে নামানো হালকা গরম মিশ্রণটিকে শিল-পাটায় রেখে আলতো করে মিহি করে বেটে নিন। এতে নারকেলের আঁশ ভাব চলে গিয়ে মিশ্রণটি একদম মসৃণ ও তুলতুলে হয়ে উঠবে, যা সন্দেশকে করবে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো নরম।
এবার সন্দেশ বানানোর কাঠের বা পাথরের বিভিন্ন নকশা করা ছাঁচে সামান্য একটু ঘি মাখিয়ে নিন। এরপর বেটে রাখা মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে ছাঁচের ওপর চেপে বসিয়ে দিন। সাবধানে তুলে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার ডিজাইনের, দেবীকে নিবেদন করার মতো কিংবা প্রিয়জনকে পরিবেশন করার মতো একদম খাঁটি ‘নারকেলের সন্দেশ’!
