Workplace Jealousy: সহকর্মী আপনাকে হিংসা করছেন না তো! এই লক্ষণ দেখলেই সতর্ক হন
Office Politics: অফিস পলিটিক্স বা সহকর্মীদের রেষারেষি এখন প্রায় সব জায়গাতেই দেখা যায়। অফিসে আপনার উন্নতি দেখে কেউ আড়ালে হিংসে করছে কি না, তা বুঝবেন কী করে? জেনে নিন সহকর্মীদের গোপন ঈর্ষা চেনার ৯টি সহজ উপায়। কী বলছেন মনোবিদরা?

অফিস পলিটিক্স (Office Politics) বা সহকর্মীদের রেষারেষি এখন প্রায় সব জায়গাতেই দেখা যায়। আপনি মন দিয়ে কাজ করছেন, বসের প্রশংসা পাচ্ছেন, কিন্তু হঠাৎ খেয়াল করলেন পাশের সিটের সহকর্মী আপনার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করছেন! আপনার কি কখনও মনে হয়েছে, আপনার উন্নতি দেখে কেউ গোপনে হিংসে করছে? আপনার আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি চলছে? যদি এমনটা মনে হয়, তবে এখনই সতর্ক হওয়া দরকার।
কী বলছেন মনোবিদরা?
মনোবিদরা বলছেন, অন্যের ভালো দেখে নিজের মনে যে রাগ বা কষ্ট তৈরি হয়, সেটাই হল ঈর্ষা বা হিংসে। এটা যেমন শরীরের ক্ষতি করে, তেমনই মনের জন্যও খুব খারাপ। যাঁরা সরাসরি হিংসে করেন, তাঁদের চেনা খুব সোজা। আপনি সহজেই তাঁদের এড়িয়ে চলতে পারেন। কিন্তু সমস্যা হল তাঁদের নিয়ে, যাঁরা গোপনে হিংসে করেন। সামনে খুব ভালো সাজেন, কিন্তু আড়ালে ক্ষতি করতে চান।
কী করে চিনবেন এমন মানুষদের?
মনোবিদদের মতে, এমন কিছু লক্ষণ রয়েছে যা দেখে আপনি সহজেই এই ধরনের সহকর্মীদের চিনে নিতে পারবেন:
১. খুঁত ধরা ও ব্যঙ্গ করা: এঁরা সবসময় আপনার কাজের ভুল খুঁজবেন। আপনি যাই বলুন না কেন, এঁরা সেটা নিয়ে মজা করবেন।
২. প্রশংসা না করা: আপনি যতই ভালো কাজ করুন বা তাঁদের সাহায্য করুন না কেন, এঁরা কখনও আপনার প্রশংসা করবেন না। এমনকী, একটা সাধারণ ধন্যবাদও জানাবেন না।
৩. অযাচিত উপদেশ: এঁরা আপনাকে এমন সব কাজের বুদ্ধি দেবেন, যা হয়তো আপনার জন্য একদমই ঠিক নয়। এমন মানুষদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।
৪. কাজে বাধা দেওয়া: আপনি যাতে শান্তিতে কাজ করতে না পারেন, এঁরা সেই পরিস্থিতি তৈরি করবেন। তারপর হয়তো আপনার কাজটাই নকল করে বসের কাছে নিজের নামে চালিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করবেন।
৫. সাফল্যকে ছোট করা: আপনার কোনও ভালো কাজ বা প্রোমোশন হলে, এঁরা সেটাকে একদমই গুরুত্ব দিতে চাইবেন না।
৬. গুজব ছড়ানো: আপনার নামে আড়ালে নানা রকম মিথ্যা কথা বা গুজব ছড়াবেন। আপনাকে নিয়ে পিছনে হাসাহাসি করবেন।
৭. আচরণের হঠাৎ বদল: যে সহকর্মীকে আপনি খুব বিশ্বাস করতেন, দেখলেন হঠাৎ করেই তাঁর স্বভাব বদলে গিয়েছে। আপনার সঙ্গে আগের মতো আর মিশছেন না। এমন মানুষকে আর কোনও গোপন কথা না বলাই ভালো।
৮. দু’মুখো স্বভাব: আপনার সামনে এঁরা খুব মিষ্টি কথা বলবেন, কিন্তু আপনি না থাকলেই আপনার নামে নিন্দা করবেন।
৯. ব্যক্তিগত কথা জেনে নেওয়া: এঁরা খুব চালাকি করে আপনার সব ব্যক্তিগত কথা জেনে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু নিজেদের কথা কখনও কাউকে বলবেন না। পরে হয়তো দেখবেন, আপনার বলা গোপন কথাগুলো সারা অফিসে ছড়িয়ে গিয়েছে।
অফিসে শান্তিতে কাজ করতে চাইলে এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন। যদি দেখেন কারও সঙ্গে এই বিষয়গুলো মিলে যাচ্ছে, তবে আজ থেকেই তাঁর থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের কাজের দিকে ফোকাস করুন আর ব্যক্তিগত কথা সবার সঙ্গে শেয়ার করা বন্ধ করুন।
