Fresh Fruits: কেনা ফল ভাল না খারাপ, বুঝবেন কীভাবে?
Fruits: ফল আমরা সবাই কমবেশি কিনি। তবে বাজারে ফল কেনার সময় শুধু রং বা আকার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাইরে থেকে টাটকা দেখালেও ভিতরে পচন থাকতে পারে। আবার কিছু ফল পাকার সঙ্গে নরম হয়। তাই ভাল ও খারাপ ফল চেনার কতগুলি সহজ উপায় আছে।

কলকাতা: বাজারে ফল কিনতে গিয়ে অনেকেই শুধু রং বা আকার দেখেই সিদ্ধান্ত নেন, কিনবেন কি না। দেখতে সুন্দর হলেই ফল তাজা বা খাবার উপযুক্ত হবে, এমনটা নয়। অনেক সময় বাইরে থেকে ভাল দেখতে ফলের ভিতরে পচন ধরতে পারে। আবার কিছু ফল পাকার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, যা নষ্ট হওয়ার লক্ষণ নয়। তাই ফল কেনার বিষয়ে বেশ কিছু জিনিস খেয়াল রাখা দরকার।
১)খোসার দিকে নজর দিন- প্রথমেই ফলের খোসা ভাল করে দেখুন। অতিরিক্ত কালো বা বাদামি দাগ, ফাটা, পচা অংশ বা নরম জায়গা আছে কি না, তা পরীক্ষা করে নিন। একটি ছোট দাগ মানেই যে ফলটি নষ্ট, এমন নয়। তবে দাগ যদি দ্রুত ছড়িয়ে পড়ে বা জায়গাটি অস্বাভাবিক নরম লাগে, সেই ফল এড়িয়ে চলাই ভাল।
২)গন্ধ – তাজা ফলের সাধারণত স্বাভাবিক ও পরিচিত গন্ধ থাকে। ফলের গায়ে নাক নিয়ে পচা, টক বা কোনও অস্বাভাবিক গন্ধ পেলে সাবধান হন। বিশেষ করে কাটা বা বেশি পাকা ফলের ক্ষেত্রে গন্ধ নষ্ট হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।
৩)হাতে নিয়ে পরীক্ষা করুন – ফলের ধরণ অনুযায়ী স্বাভাবিক শক্তভাব রয়েছে কিনা খেয়াল করে দেখে নিন। অতিরিক্ত নরম, চুপসে যাওয়া বা চাপ দিলে দেবে যাওয়া ফল অনেক সময় নষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। তবে সব ফলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। যেমন, পাকা কলা, আম স্বাভাবিকভাবেই কিছুটা নরম থাকে।
৪)চকচকে ফল- কিছু ফল দেখতে অস্বাভাবিক চকচকে। অনেক সময় ফলে জল দিয়ে বা খাবারের উপযোগী মম দিয়ে ফলটি মাখা হয়। তাই ফল খাবার আগে পরিষ্কার জলে ফল ধোয়া জরুরি। খোসা না খাওয়ার উপযোগী হলেও কাটার আগে ফল সবসময় ধুয়ে নেওয়া উচিত।
৫)কাটা ফলের নিয়ম – কাটা ফলের ক্ষেত্রে ভিতরের অংশ সরাসরি দেখা যায়। অতিরিক্ত বাদামি বা কালো দাগ, পিছলভাব, অস্বাভাবিক জল বের হওয়া বা পচা গন্ধ থাকলে সেই ফল না খাওয়াই নিরাপদ। দীর্ঘ সময় বাইরে থাকা কাটা ফলের ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার।
মনে রাখবেন, ফল কিনতে গেলে সব সময় ফলওয়ালার কথা না শুনে নিজে পরখ করে নেওয়া খুব দরকার। চেহারা, গন্ধ, ফলের ধরণ – সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। সামান্য সন্দেহ থাকলেও সেই পচা বা অস্বাভাবিক ফল না খাওয়া ভাল।
