এই তেলগুলো ভুলভাবে ব্যবহার করছেন? হার্টের বারোটা বাজবেই

পুষ্টিবিদদের মতে, সমস্যা শুধু কোন তেল ব্যবহার করছেন সেটাই নয়। বরং তেল কীভাবে ব্যবহার করা হচ্ছে—সেই বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক পরিশোধিত উদ্ভিজ্জ তেল বেশি তাপে বারবার গরম করলে তা হিতে বিপরীত ঘটায়। তখন তৈরি হয় অ্যালডিহাইডসহ একাধিক ক্ষতিকর যৌগ, যা শরীরের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

এই তেলগুলো ভুলভাবে ব্যবহার করছেন? হার্টের বারোটা বাজবেই
Image Credit source: AI

Feb 20, 2026 | 6:44 PM

কড়াইতে যখন তেল টগবগ করে ফুটিয়ে রান্না করেন তখন কি একবারও ভেবে দেখেছেন এই তেলই ধীরে ধীরে শরীরের ভিতরে নীরব বিপদ ডেকে আনতে পারে কিনা? বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও, সাম্প্রতিক গবেষণা নতুন করে প্রশ্ন তুলেছে প্রতিদিনের রান্নার অভ্যাস নিয়ে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, তেলের ভুল ব্যবহার অজান্তেই হার্টের ১২ টা বাজাচ্ছে।

পুষ্টিবিদদের মতে, সমস্যা শুধু কোন তেল ব্যবহার করছেন সেটাই নয়। বরং তেল কীভাবে ব্যবহার করা হচ্ছে—সেই বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক পরিশোধিত উদ্ভিজ্জ তেল বেশি তাপে বারবার গরম করলে তা হিতে বিপরীত ঘটায়। তখন তৈরি হয় অ্যালডিহাইডসহ একাধিক ক্ষতিকর যৌগ, যা শরীরের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

কী কী তেল সব থেকে বেশি ক্ষতি করছে?

গবেষণায় বিশেষ করে নজরে এসেছে সয়াবিন তেল, ভুট্টার তেল, সূর্যমুখী তেল এবং তুলাবীজের তেল। এই তেলগুলিতে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ তুলনামূলক বেশি। শরীরের জন্য ওমেগা-৬ প্রয়োজনীয় হলেও মাত্রা ছাড়ালে তা ক্ষতি করতে পারে। চিকিৎসকদের কথায়, আধুনিক খাদ্যাভ্যাসে অনেকের শরীরেই ওমেগা-৩ ও ওমেগা-৬-এর ভারসাম্য নষ্ট হচ্ছে—যা হৃদযন্ত্রের ক্ষতি করছে।

আরও একটি সাধারণ কিন্তু বিপজ্জনক অভ্যাস হল একই তেল বারবার ব্যবহার করা। বাড়িতে ভাজাভুজির পর বেঁচে থাকা তেল আবার ব্যবহার করেন অনেকেই। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বারবার গরম করলে তেলে বিষাক্ত পদার্থ তৈরি হয়, যা রক্তনালীর ক্ষতি, খারাপ কোলেস্টেরল বৃদ্ধি এবং হৃদরোগে ঝুঁকি বাড়াতে পারে।
তবে সব তেলই যে ক্ষতিকর, এমন নয়। পুষ্টিবিদদের মতে, পরিমিত ব্যবহার এবং সঠিক তাপমাত্রা বজায় রাখলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তুলনামূলকভাবে সরিষার তেল, অলিভ অয়েল বা চিনাবাদাম তেল ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করলে উপকার মেলে।তবে যে তেলই ব্যবহার করুন সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

কী কী সতর্কতা মেনে চলবেন?

ধোঁয়া ওঠা পর্যন্ত তেল গরম করবেন না, বেশি তেলে ভাজা খাবার কম খাবেন এবং ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করার অভ্যাস ছাড়ুন আজই—এই কয়েকটি অভ্যাস থাকলে বাঁচাতে পারবেন আপনার হার্টকে।