Jeans: জিন্সে ছোট পকেট কেন থাকে?
অর্থাৎ, জিন্সের এই ক্ষুদ্র পকেটটি আজ হয়তো পকেট ঘড়ি রাখার জন্য প্রয়োজনীয় নয়। কিন্তু প্রায় দেড়শো বছরের ইতিহাস, শ্রমজীবী মানুষের জীবনযাপন এবং ডেনিমের ঐতিহ্যকে নিজের মধ্যে ধরে রেখেছে এটি। তাই ফ্যাশন যতই বদলাক, জিন্সের এই ‘পঞ্চম পকেট’ এখনও নিজের জায়গায় দিব্যি টিকে রয়েছে।

জিন্স পরেন, কিন্তু পকেটের ভিতরে থাকা ছোট্ট পকেটটির দিকে কি কখনও খেয়াল করেছেন? আকারে এতটাই ছোট যে সেখানে মোবাইল তো দূরের কথা, মানিব্যাগ রাখাও প্রায় অসম্ভব। তবু বছরের পর বছর ধরে জিন্সের ডিজাইনে এই ছোট পকেটটি রয়ে গিয়েছে। কেন? এর পিছনে রয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো ইতিহাস।
এই ছোট পকেটের ইতিহাস শুরু ১৮৭৩ সালে। সেই সময় লেভি স্ট্রস এবং জ্যাকব ডেভিস রিভেট লাগানো ডেনিম ট্রাউজার্সের পেটেন্ট পান। তখন খনি শ্রমিক, কাউবয় এবং রেলকর্মীদের মধ্যে চেন লাগানো পকেট ঘড়ি ব্যবহার করার চল ছিল। কাজের সময় ঘড়িটি যাতে সুরক্ষিত থাকে, তার জন্য জিন্সে তৈরি করা হয়েছিল ছোট একটি আলাদা পকেট। লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে এটিকে ‘ওয়াচ পকেট’ বলেই উল্লেখ করে।
তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আজ যে ছোট পকেটটি আমরা জিন্সে দেখতে পাই, সেটি প্রথম পেটেন্টের সময়কার জিন্সে ঠিক এই আকারে ছিল না। ১৮৯০-এর দশকে লেভি স্ট্রসের তৈরি জিন্সে এই পকেটটি আরও স্পষ্টভাবে জায়গা করে নেয়। সেই সময় জিন্সের প্রধান ক্রেতাদের মধ্যে ছিলেন কাঠমিস্ত্রি, রেলকর্মী, কৃষক এবং খনি শ্রমিকরা। পকেট ঘড়ির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ছোট পকেটটির প্রয়োজনীয়তাও বাড়তে থাকে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই পকেটের ব্যবহারও বদলেছে। পকেট ঘড়ির প্রচলন কমে যাওয়ার পরও ছোট পকেটটি জিন্স থেকে হারিয়ে যায়নি। বরং বিভিন্ন সময়ে এর নানা নাম হয়েছে—‘ফ্রন্টিয়ার পকেট’, ‘কয়েন পকেট’, ‘ম্যাচ পকেট’, ‘টিকিট পকেট’ এমনকী ‘কনডম পকেট’ও বলা হয়েছে। অর্থাৎ সময় এবং প্রয়োজন অনুযায়ী মানুষ এই ছোট জায়গাটিকে বিভিন্ন কাজে ব্যবহার করেছে।
প্রথম দিকের জিন্সে এই পকেটের আকারও ছিল তুলনামূলক বড়। কারণ তখনকার পকেট ঘড়ি ছিল আজকের ঘড়ির তুলনায় অনেক বেশি ভারী ও বড়। পরে হাতঘড়ির ব্যবহার জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে পকেট ঘড়ির প্রয়োজন কমে যায়। বিভিন্ন ব্র্যান্ড ও জিন্সের কাট অনুযায়ী ছোট পকেটটির আকারও ধীরে ধীরে ছোট হতে থাকে।
স্কিনি জিন্স থেকে ব্যাগি, লো-রাইজ থেকে হাই-ওয়েস্ট, অ্যাসিড ওয়াশ থেকে জেগিংস—গত কয়েক দশকে জিন্সের ফ্যাশনে এসেছে একের পর এক পরিবর্তন। কিন্তু সেই ছোট পকেটটি এখনও জিন্সের সঙ্গে রয়ে গিয়েছে।
কারণ এটি শুধু একটি পকেট নয়, জিন্সের চেনা ডিজাইনেরও একটি অংশ। পকেটটি সরিয়ে দিলে জিন্স দেখতে হয়তো খুব একটা আলাদা মনে হবে না, কিন্তু এর সামগ্রিক নকশায় একটা অস্বাভাবিকতা তৈরি হতে পারে। ডেনিমের যে চেনা চেহারা ও অনুপাত মানুষের চোখে পরিচিত হয়ে উঠেছে, সেই নকশা ধরে রাখার ক্ষেত্রে এই ছোট্ট পকেটেরও ভূমিকা রয়েছে।
অর্থাৎ, জিন্সের এই ক্ষুদ্র পকেটটি আজ হয়তো পকেট ঘড়ি রাখার জন্য প্রয়োজনীয় নয়। কিন্তু প্রায় দেড়শো বছরের ইতিহাস, শ্রমজীবী মানুষের জীবনযাপন এবং ডেনিমের ঐতিহ্যকে নিজের মধ্যে ধরে রেখেছে এটি। তাই ফ্যাশন যতই বদলাক, জিন্সের এই ‘পঞ্চম পকেট’ এখনও নিজের জায়গায় দিব্যি টিকে রয়েছে।
