Drinking Water: জল চিবিয়ে খাওয়া যায়? জল খাওয়ার নিয়মই বা কী, বিজ্ঞান কী বলছে?
Benefits of Chewing water:ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক চিকিৎসক জানিয়েছেন, মুখের মধ্যে জল কিছুক্ষণ রাখলে তার সঙ্গে লালা মিশতে পারে। এর ফলে পরিপাকতন্ত্র খাবার বা জল গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার সংকেত পায়। তাঁর কথায়, খুব দ্রুত জল গিলে ফেললে মুখ, গলা ও পাকস্থলীর স্বাভাবিক সমন্বয় ব্যাহত হতে পারে।

আপনি কি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করেন? আর জল খাওয়ার সময় কি একেবারে ঢকঢক করে গ্লাস শেষ করে ফেলেন? নাকি অল্প অল্প করে চুমুক দিয়ে জল খান? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ‘জল চিবিয়ে খাওয়া’ নিয়ে বেশ আলোচনা হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও, এখানে সত্যিকারের জল চিবিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে না। বরং এর অর্থ হল, একবারে অনেকটা জল না খেয়ে অল্প অল্প করে চুমুক দেওয়া এবং গিলে ফেলার আগে কিছুক্ষণ মুখের মধ্যে জলটি ঘোরানো। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস গিলতে সুবিধা করতে পারে এবং গলা ও পরিপাকতন্ত্রকে স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দেয়। কিন্তু সত্যিই কি জল ধীরে ধীরে খেলে হজম ও শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সুবিধা হয়?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক চিকিৎসক জানিয়েছেন, মুখের মধ্যে জল কিছুক্ষণ রাখলে তার সঙ্গে লালা মিশতে পারে। এর ফলে পরিপাকতন্ত্র খাবার বা জল গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার সংকেত পায়। তাঁর কথায়, খুব দ্রুত জল গিলে ফেললে মুখ, গলা ও পাকস্থলীর স্বাভাবিক সমন্বয় ব্যাহত হতে পারে।
তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটু আলাদা। আরও এক চিকিৎসকের মতে, লালার মধ্যে অ্যামাইলেজের মতো উৎসেচক থাকে, যা মুখের মধ্যে কার্বোহাইড্রেট হজমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে। কিন্তু জলে কোনও পুষ্টি উপাদান নেই। তাই জলের ক্ষেত্রে এই ধরনের উৎসেচকের মাধ্যমে হজমের প্রয়োজন হয় না। তবে ধীরে ধীরে জল পান করা বা গিলে ফেলার আগে মুখের মধ্যে কিছুক্ষণ ঘোরালে লালা নিঃসরণ বাড়তে পারে। পাশাপাশি, পরিপাকতন্ত্রকে খাবার গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার সংকেত দিতে পারে। এর ফলে কারও কারও ক্ষেত্রে হজমে সুবিধা হতে পারে এবং অ্যাসিডিটির সমস্যা কম অনুভূত হতে পারে।
ধীরে ধীরে জল খেলে কী উপকার?
চিকিৎসক অর্চনার মতে, ধীরে ধীরে জল পান করলে লালা গলা ও খাদ্যনালিকে আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে জল গিলতে সুবিধা হয় এবং গলায় অস্বস্তি বা জ্বালাভাব কমতে পারে। একবারে অনেকটা জল খেলে পেটে যে ভারী ভাব বা জল নড়াচড়ার অস্বস্তি তৈরি হয়, ধীরে জল পান করলে তা এড়ানো সম্ভব।
এছাড়া ধীরে জল খেলে গলার পেশিগুলি আরও সমন্বিতভাবে কাজ করার সুযোগ পায়। চিকিৎসকের মতে, এর ফলে কাশি হওয়া, গলায় জল আটকে যাওয়া বা খুব ঠান্ডা জল দ্রুত পান করার পর যে তীব্র জ্বালাভাব তৈরি হয়, তার আশঙ্কা কমতে পারে। যাঁদের নাকের সংবেদনশীলতা রয়েছে, তাঁরা খুব দ্রুত ঠান্ডা জল পান করলে হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া বা চোখ দিয়ে জল পড়ার সমস্যায় ভুগতে পারেন। ধীরে ধীরে চুমুক দিয়ে জল খেলে এই ধরনের অস্বস্তিও এড়ানো যেতে পারে।
জল চিবিয়ে খেলে কি শরীর বেশি হাইড্রেটেড থাকে?
জল ধীরে ধীরে পান করলে শরীর দীর্ঘক্ষণ হাইড্রেটেড থাকে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। চিকিৎসক অর্চনার মতে, অল্প অল্প করে জল পান করলে শরীরে ধীরে ধীরে জল সরবরাহ হয়। তাঁর দাবি, একবারে অনেকটা জল খেলে দ্রুত প্রস্রাবের বেগ হতে পারে। অন্যদিকে, চুমুক দিয়ে জল পান করলে রক্তপ্রবাহে ধীরে ধীরে জল পৌঁছয়। যা শরীরের শক্তি বজায় রাখা, ত্বকের স্বাস্থ্য এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
