AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chai Masala Recipe: চা খেয়েই মুখ বাঁকাচ্ছে বাড়ির লোক? এই সিক্রেট মশলায় চা বানালে সবাই আপনার ফ্যান হবেই

Chai Masala Recipeচা বানানোর পর কি বাড়ির লোক মুখ বাঁকায়? দামি চা পাতা দিয়েও দোকানের মতো স্বাদ আসছে না? জেনে নিন বাড়িতেই পারফেক্ট চা মশলা তৈরির সেই গোপন রেসিপি। এই চা বানিয়ে আজই চমকে দিন সকলকে।

Chai Masala Recipe: চা খেয়েই মুখ বাঁকাচ্ছে বাড়ির লোক? এই সিক্রেট মশলায় চা বানালে সবাই আপনার ফ্যান হবেই
শিখে নিন কায়দাটা
| Updated on: Nov 13, 2026 | 9:17 AM
Share

চা বানানোর পর বাড়ির লোক কি প্রশংসাই করেন না? দামি চা পাতা এনেও রাস্তার মোড়ের দোকানের মতো স্বাদ কিছুতেই আসে না। সত্যি বলতে, দোষটা আপনারও নয়, আর চা পাতার তো নয়ই। আসল খেলাটা ঘুরিয়ে দেয় একটা সিক্রেট মশলা। ভাবছেন, পাশের বাড়ির কাকিমার হাতের চায়ের গন্ধে চারপাশ ম ম করে, আর আপনার চা খেয়ে কেউ প্রশংসাও করে না কেন? ওই যে বললাম, ম্যাজিক মশলা! আজ সেই সিক্রেটটাই ফাঁস করব। সামান্য কয়েকটা মশলার এই জাদুতে আপনার হাতের চায়েরও এমন স্বাদ হবে যে সবাই বারবার খেতে চাইবে।

কী কী লাগবে এই মশলা বানাতে?

খুব বেশি কিছুর দরকার নেই। রান্নাঘরের চেনা কয়েকটি মশলা দিয়েই কাজ হয়ে যাবে।

গোটা গোলমরিচ: ১০ গ্রাম

দারচিনি: ১০ গ্রাম

লবঙ্গ: ৫ গ্রাম

মৌরি: ৮ গ্রাম

ছোট এলাচ: ২০ গ্রাম

বড় এলাচ: ৩-৪টি

শুকনো আদা (গুঁড়ো বা গোটা): ১৫ গ্রাম

জয়ত্রী: ১ চা চামচ

জায়ফল: ১টি ছোট টুকরো

তাজা তুলসী পাতা ও তুলসীর মঞ্জরি (বীজ)

কীভাবে বানাবেন এই স্পেশাল মশলা?

পদ্ধতি খুবই সহজ। প্রথমে কড়াইতে দারচিনি, গোটা গোলমরিচ, লবঙ্গ আর মৌরি নিয়ে হালকা আঁচে মাত্র ৩০ সেকেন্ড ভেজে নিন। বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর এর মধ্যে ছোট ও বড় এলাচ দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করুন। ভাজা মশলাগুলো একটা পাত্রে তুলে রাখুন।

এবার ওই কড়াইতেই তুলসী পাতা আর মঞ্জরি হালকা করে ভেজে নিন। খেয়াল রাখবেন, পাতায় যেন কোনও আর্দ্রতা না থাকে। জল থেকে গেলে মশলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

গুঁড়ো করার পালা

সব ভাজা মশলা একসঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে আদা গুঁড়ো, জয়ত্রী আর জায়ফলের টুকরোটা দিয়ে দিন। মশলা একদম ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিন। তবে খুব মিহি পাউডার করবেন না। একটু দানাদার বা মোটা রাখলে চায়ের মধ্যে ফ্লেভারটা দারুণ আসে। ব্যস, আপনার স্পেশাল চা মশলা একদম তৈরি! এবার একটা পরিষ্কার, শুকনো আর হাওয়া ঢোকে না এমন কৌটোয় ভরে রেখে দিন।

চায়ে কখন মেশাবেন এই মশলা?

জল ফুটতে শুরু করলে তাতে চিনি, চা পাতা আর সামান্য এই মশলা দিয়ে দিন। তারপর দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। ব্যাস, আপনার বাড়িতেই তৈরি হয়ে যাবে কড়া আর সুগন্ধি চা। এই চায়ের গন্ধে শুধু আপনার ঘর নয়, মোহিত হবে চারপাশ। একবার এই মশলা চায়ে চুমুক দিলে রোজ এভাবেই চা খেতে মন চাইবে!

Follow Us