Recipe: লটে মাছের ভার্তা নয়, এবার ট্রাই করুন ভাপা, পাতে পড়লেই কেল্লাফতে
লটে মাছের ভার্তাও কিন্তু দারুণ সুস্বাদু। এবার না হয়, লটে আনলে, ভার্তা বা বড়া না বানিয়ে ভাপা তৈরি করুন। সারপ্রাইজ দিন অতিথিদের।

সাধারণত, লটে মাছের রেসিপি মানেই নয় লটে মাছের বড়া, নয়তো লটে মাছে ভার্তা। আর ভাপা বলতেই আমরা বুঝি ইলিশ, ভেটকি কিংবা চিংড়ি। কিন্তু লটে মাছের ভাপেও কিন্তু দারুণ সুস্বাদু। এবার না হয়, লটে আনলে, ভার্তা বা বড়া না বানিয়ে ভাপা তৈরি করুন। সারপ্রাইজ দিন অতিথিদের। অভিনেত্রী সুপ্রীয়া দেবীর রান্নাঘর থেকে রইল দারুণ সহজ রেসিপি।
যা যা লাগবে-
লটে মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ ২০০ গ্রাম (বাটা), আদা ২৫ গ্রাম (বাটা), শুকনো লঙ্কা গুঁড়ো ১ থেকে ২ চামচ, কাঁচালঙ্কা ৪ টি (কুচোনো), হলুদ ১ চা চামচ (গুড়ো), তেল ১০০ গ্রাম, রসুন ১ টি গোটা, নুন স্বাদমতো।
এভাবে তৈরি করুন-
প্রথমে লটে মাছ ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। ছোট একটা মুখবন্ধ পাত্রের মধ্যে মাছগুলো দিয়ে, তার মধ্যে সব মশলা, নুন ও তেল দিয়ে ভালো করে মেখে নিন। এরপর পাত্রের মুখ বন্ধ করে প্রেশার কুকারের মধ্যে বসান। কুকারে আগেই এককাপের মতো জল দেবেন। কুকার আগুনে বসানোর পর দুটো সিটি দিলে প্রেশার কুকার নামিয়ে নিন। কুকার ঠান্ডা হলে, পাত্রটিকে বের করে ঢাকনা খুলে মাছগুলো একটা বড়ো পাত্রে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে এই লটে ভাপা কিন্তু জমে যাবে।
তথ্য সূত্র: বেণুদির হাজার রান্না
