
২০১৫ সাল-- মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত ছবি 'বজরঙ্গী ভাইজান'। সুপারহিট হয়েছিল সেই ছবি। ছোট্ট মুন্নির জার্নিতে শামিল হয়েছিলেন আট থেকে আশি। তবে জানেন কি সলমন খান মোটেও ওই ছবির জন্য প্রথম 'চয়েজ' ছিল না? চার-চার জন অভিনেতার কাছে সে অফার পৌঁছয় আগে। এঁদের মধ্যে তিন জন আবার দক্ষিণী। তবে কেউই শেষমেশ রাজি হননি। তাঁরা কারা?

অফার গিয়েছিল আমির খানের কাছে। গোয়াতে হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন সলমন। আমির না করাতেই অফার গিয়েছিল সলমনের কাছে। আমিরই নাকি প্রযোজককে পাঠিয়েছিলেন সলমনের কাছে এই চরিত্রটি নিয়ে যাওয়ার জন্য।

কিংবদন্তী অভিনেতা রজনীকান্তের কাছেও নাকি পৌঁছেছিল অফার। কিন্তু থালাইভার সেই চরিত্র মনে ধরেনি। আর কে রয়েছেন তালিকায়?

পুনিত রাজকুমার প্রয়াত হয়েছেন বছর দেড়েক আগে। অফার গিয়েছিল তাঁর কাছেও। কিন্তু পুনিতও নাকি চরিত্রটি করতে রাজি হননি। অগত্যা অফার যায় ভাইজানের কাছে। আর ভাইজান যে নিজের সবটুকু দিয়ে ওই ছবির অংশ হয়েছিলেন সে প্রমাণ তো দর্শক আগেও পেয়েছে।

দক্ষিণী অভিনেতা তথা 'পুষ্পা' সেনসেশন আল্লু অর্জুনকেও নাকি ভাবা হয়েছিল ওই চরিত্রের জন্য। কিন্তু তিনিও কোনও এক অজ্ঞাত কারণে ওই ছবি করতে রাজি হননি।