Lionel Messi Retirement: ‘সন্তানরা তোমার মাহাত্ম্য একদিন বুঝবে…’, অবসরের পর মেসিকে নিয়ে আপ্লুত স্ত্রী আন্তোনেলা!
Antonella Roccuzzo: দেশের হয়ে ২০৩ ম্যাচে ১২৫টি গোল করেছেন মেসি। এই মুহূর্তে তিনি দেশের সবথেকে বেশি ম্যাচ খেলে সবথেকে বেশি গোল করা ফুটবলার। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৬ - মোট ৬টি বিশ্বকাপে খেলে তিনি করেছেন ২১টি গোল। এই বিশ্বকাপেও তিনি করেছেন মোট ৮ গোল। এমনকি ৪ খানা অ্যাসিস্টও করেছেন মেসি।

রোসারিও : গতকাল আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন লিওনেল মেসি (Lionel Messi Retirement) । ২১ বছরের দুর্দান্ত সফল কেরিয়ারের পর অবশেষে সরে দাঁড়িয়েছেন তিনি। এরপরেই মুখ খুলেছেন তাঁর ছোটবেলার প্রেমিকা ও বর্তমান সহধর্মিনী আন্তোনেলা রোকুজ্জো (Antonella Roccuzzo)। সোশ্যাল মিডিয়াতে নিজের স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন আন্তোনেলা। বারবার ধাক্কা খেয়েও যেভাবে কামব্যাক করেছেন মেসি, পোস্টে সেই কথাই জানিয়েছেন তাঁর ‘লেডি লাক’।
আন্তোনেলা লিখেছেন, “এভাবে তোমার অধ্যায় শেষ হতে দেখে আমি খুব গর্বিত। আমি তোমাকে কষ্ট পেতেও দেখেছি, আবার ঘুরে দাঁড়াতেও দেখেছি। যখন সবকিছু তোমার বিপক্ষে ছিল, তখনও তুমি যেভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে গিয়েছ, সেই যাত্রারও সাক্ষী থেকেছি। কিন্তু এই গল্পের একটি দিক আমাকে বারবার ইমোশনাল করে ফেলে। আমাদের সন্তানরা দেখেছে, কিভাবে তাদের বাবা হাল না ছেড়ে লড়ে গিয়েছে। তারা তোমাকে বিশ্বকাপ জিততে দেখেছে। হয়তো একদিন তারা তোমার মাহাত্ম্য বুঝবে কিন্তু আজ তারা শুধু তাদের বাবাকে নিয়ে গর্বিত।”
View this post on Instagram
আর্জেন্টিনা ২০২৬ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়। এর ফলেই টানা দুইবার বিশ্বকাপ জয় থেকে বঞ্চিত হয় মেসির দেশ। গতকালই মেসি জানিয়েছিলেন, ফাইনালের দুই দিন পরেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। পরে বাবার মৃত্যুর পর নিজের অবসর নিয়ে আরও নিশ্চিত হন। মেসি বলেন, “ফাইনালের পর এতটা সময় কেটে যাওয়ার পরে ও অনেক ভেবে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।” এই পোস্টের মাধ্যমে মেসি জানান তাঁর আর দেশকে কিছু দেওয়ার নেই এবং তিনি মনে করেন, পরবর্তী প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়।
দেশের হয়ে ২০৩ ম্যাচে ১২৫টি গোল করেছেন তিনি। এই মুহূর্তে তিনি দেশের সবথেকে বেশি ম্যাচ খেলে সবথেকে বেশি গোল করা ফুটবলার। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৬ – মোট ৬টি বিশ্বকাপে খেলে তিনি করেছেন ২১টি গোল। এই বিশ্বকাপেও তিনি করেছেন মোট ৮ গোল। এমনকি ৪ খানা অ্যাসিস্টও করেছেন মেসি। দেশের সিনিয়র দলের হয়ে পেয়েছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। এমনকি ২০২২ সালে ফাইনালিসিমাতেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তবে দেশের হয়ে খেলা ছাড়লেও তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি।
