Rajasthan Royals: অর্জুন কাপুরের ছবি নিয়ে ট্রোলিং, বিপাকে রাজস্থান রয়্যালস!
Arjun Kapoor : বেশ কয়েকবছর ধরে অর্জুন কাপুর সমাজমাধ্যমে কোনও ছবি পোস্ট করলেই তাতে হত চূড়ান্ত ট্রোলিং। নেটিজেনরা তাঁর ছবির নিচে ব্যাঙ্গাত্মক কমেন্ট করে প্রতিটি পোস্ট ভাইরাল করতেন। চলতি বছরের শুরুতে তাঁকে নিয়ে একটি নির্দেশ দেয় দিল্লী হাইকোর্ট।

কলকাতা : আইপিএল ২০২৬ (IPL 2026) এর গ্ৰুপ পর্ব সদ্যই শেষ হয়েছে। তবে এর মধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) নিয়ে। শোনা গিয়েছে, রাজস্থান রয়্যালসের একটি পোস্টকে ঘিরে প্রচন্ড ক্ষিপ্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। তবে শোনা গিয়েছে, এই ঘটনা আদৌ সত্যি নয়।
রাজস্থান রয়্যালস প্লে অফে কোয়ালিফাই করার পর তারা একটি পোস্ট শেয়ার করে, যেখানে তারা অর্জুন কাপুরের ছবি ব্যবহার করে একটি মিম বানায়। এই মিম মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে প্রশ্ন উঠেছে, অনুমতি ছাড়া কোনও সেলিব্রিটির ছবি এভাবে ব্যবহার করা যায় কিভাবে? তাও যেখানে রাজস্থান রয়্যালস একটি বহুল পরিচিত ফ্র্যাঞ্চাইজি। বাড়তে থাকা বিতর্ক ও সমালোচনা দেখে ফ্র্যাঞ্চাইজি এই পোস্ট ডিলিট করে দেয়। পোস্ট ডিলিট হওয়ার পরেই গুজব রটে যায়, যে অর্জুন দিল্লীর হাইকোর্টে (Delhi Highcourt) রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে মামলা করেছেন। তবে অর্জুন বা তাঁর টিম – কারও পক্ষ থেকেই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বেশ কয়েকবছর ধরে অর্জুন কাপুর সমাজমাধ্যমে কোনও ছবি পোস্ট করলেই তাতে হত চূড়ান্ত ট্রোলিং। নেটিজেনরা তাঁর ছবির নিচে ব্যাঙ্গাত্মক কমেন্ট করে প্রতিটি পোস্ট ভাইরাল করতেন। চলতি বছরের শুরুর দিকে দিল্লী হাইকোর্ট অর্জুন কাপুরের ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার রক্ষার নাম করে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া তাঁর কোনও ছবি, ভিডিও, এআই বা ডিপফেক ব্যবহার করে কোনও বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরী করা যাবে না। এমনকি তাঁর নাম, ছবি বা কণ্ঠস্বরও ব্যবহার করা যাবে না।
আদালত অবশ্য এও জানিয়েছিল, বাণিজ্যিক অপব্যবহার আটকানো হলেও সাধারণ মিম বানানোর ওপর সম্পূর্ণ নিষেধ চাপানো যায় না। সেই কারণে রাজস্থান রয়্যালসের সমর্থনেও অনেকে বলছেন, ডিজিটাল রসিকতা ও ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের সীমারেখা ঠিক কোনটা? তবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি এই পোস্ট ডিলিট করে ফেলায় সব বিতর্কের এখানেই অবসান হয়েছে।
