Neeraj Yadav: রহস্যমৃত্যু প্যারা অ্যাথলিট নীরজ যাদবের! এশিয়ানে সোনাজয়ীর মৃত্যুতে শোক ক্রীড়ামহলে
Indian Athlete: ১৯৮৪ সালে উত্তরপ্রদেশে জন্ম নীরজের। মাত্র ৭ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবুও খেলাধুলোর প্রতি আগ্রহ কমেনি তাঁর। প্রথমে হুইলচেয়ার টেনিস খেললেও পরে প্যারা-অ্যাথলেটিক্সে যোগ দিয়ে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেন।

দিল্লি: রহস্যমৃত্যু এশিয়ান প্যারা গেমসে ৩ বার সোনাজয়ী প্যারা ক্রীড়াবিদ নীরজ যাদবের। বুধবার দিল্লিতে নিজের বাড়িতে বিষাক্ত পদার্থ খাওয়ার ফলে এই জ্যাভেলিন থ্রোয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। দিল্লির একটি হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার মোটিভ এখনও জানা যায়নি। ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্স দলের কোচ এস সত্যনারায়ণ এই মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেছেন, মর্মান্তিক ঘটনাটি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেন তিনি।
১৯৮৪ সালে উত্তরপ্রদেশে জন্ম নীরজের। মাত্র ৭ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবুও খেলাধুলোর প্রতি আগ্রহ কমেনি তাঁর। প্রথমে হুইলচেয়ার টেনিস খেললেও পরে প্যারা-অ্যাথলেটিক্সে যোগ দিয়ে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেন। F55 বিভাগে বসে বিভিন্ন ফিল্ড ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্রীড়াবিদরা। এই বিভাগে থাকে শর্ট পুৎ, ডিসকাস ও জ্যাভেলিন থ্রো-র মতো প্রতিযোগিতা।
চলতি মাসের শুরুতে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে তিনি ডোপিং এর জন্য ব্যান থাকার কারণে অংশ নিতে পারেননি। ওই ঘটনার পর নাকি তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি।
দেশের সফল প্যারা ক্রীড়াবিদদের মধ্যে একজন ছিলেন নীরজ। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে সোনা জেতেন তিনি। ২০২৩ সালে চিনের হ্যাংঝোউতে আয়োজিত এশিয়ান গেমসে জ্যাভলিন ও ডিসকাস – দুই বিভাগেই সোনা জেতেন নীরজ। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে শোকের আবহ তৈরি হয়েছে।
