Bangladesh Cricket: বিবাদ ভুলে বন্ধুত্বের হাত! প্রথম মহিলা লিগের জন্য স্মৃতিদের আমন্ত্রণ বাংলাদেশের!

বিসিবি মহিলা উইং ও ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন রুবাবা দোলা জানিয়েছেন, কোনও দেশভিত্তিক নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, “আমরা সবার জন্য উন্মুক্ত। কোনও দেশের ক্রিকেটারদের জন্য কোনও রকম বিধিনিষেধ নেই। যারা আগ্রহ দেখাবে, যে দলগুলো এমন খেলোয়াড় নিতে চাইবে, তারা নিতে পারবে। দরজা সবার জন্য খোলা।” তিনি আরও জানান, ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন।

Bangladesh Cricket: বিবাদ ভুলে বন্ধুত্বের হাত! প্রথম মহিলা লিগের জন্য স্মৃতিদের আমন্ত্রণ বাংলাদেশের!
Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

| Edited By: Moumita Das

Feb 26, 2026 | 1:58 PM

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। মেয়েদের বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে চলেছে বাংলাদেশ। ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে ডব্লিউবিপিএলের প্রথম সংস্করণ। তিনটি দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। চট্টগ্রামে উদ্বোধন হয়ে ঢাকায় হবে সমাপ্তি। সময়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগে বাংলাদেশে মেয়েদের এই নতুন লিগে খেলার আগ্রহ থাকবে অনেকের। মেয়েদের লিগ চালু হওয়ার পাশাপাশি চর্চা ছিল, ভারতের মহিলা ক্রিকেটারদের কি আমন্ত্রণ জানাবে বিসিবি? ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। বড় শাস্তির সঙ্গে জরিমানাও হতে পারে বাংলাদেশের, এমনটা আশঙ্কা ছিল। তা অবশ্য হয়নি। তার পিছনে কিছুটা হলেও বিসিসিআইয়ের অবদান ছিল বলে মনে করছে ক্রিকেট মহল। আর তাই মেয়েদের লিগে খেলার জন্য স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের মতো তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিসিবি মহিলা উইং ও ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন রুবাবা দোলা জানিয়েছেন, কোনও দেশভিত্তিক নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, “আমরা সবার জন্য উন্মুক্ত। কোনও দেশের ক্রিকেটারদের জন্য কোনও রকম বিধিনিষেধ নেই। যারা আগ্রহ দেখাবে, যে দলগুলো এমন খেলোয়াড় নিতে চাইবে, তারা নিতে পারবে। দরজা সবার জন্য খোলা।” তিনি আরও জানান, ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন। দলগুলো এখন আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় সংগ্রহ প্রক্রিয়া শুরু করবে। নিলামের বদলে ড্রাফট পদ্ধতিতে হবে দল গঠন। দেশিয় ক্রিকেটারদের জন্য নির্ধারিত পারিশ্রমিক কাঠামোও ঘোষণা হয়েছে। আইকন খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকা। ক্যাটাগরি ‘এ’তে থাকা ক্রিকেটাররা পাবেন ৭ লক্ষ টাকা। বি, সি ও ডি-তে থাকা খেলোয়াড়রা পাবেন যথাক্রমে ৫ লক্ষ, ৩ লক্ষ এবং দেড় লক্ষ টাকা।

প্রতিটি দলে অন্তত দু’জন বিদেশি ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। যা সর্বোচ্চ তিন বা চারজন পর্যন্ত হতে পারে। বাংলাদেশ মহিলা ক্রিকেট লিগ আইপিএলের ধাঁচেই করা হচ্ছে। ইতিমধ্যেই বৈঠক বসে লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিবি। রুবাবা দোলা বলেন, “মেয়েদের বিপিএলের সব প্রস্তুতি চলছে। আমরা নিয়মিত বৈঠক করছি। গভর্নিং কাউন্সিল ও ওয়ার্কিং কমিটি একসঙ্গে পরিকল্পনা করছে। কীভাবে সেরা উপায়ে টুর্নামেন্টটি আয়োজন করা যায়, সে দিকে নজর থাকছে আমাদের।”