IPL 2026, BCCI Rule : ভেপিং থেকে মাঠেই রিল বানানো – একগুচ্ছ নিয়ম আনল বিসিসিআই!
IPL 2026 : একের পর এক বিতর্ক ঘটছে আইপিএল নিয়ে। তাই নতুন একগুচ্ছ নির্দেশিকা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে যেমন ক্রিকেটাররা শৃঙ্খলাপরায়ণ হবেন, তেমন বিসিসিআইয়েরও আর খারাপ ভাবমূর্তি প্রকাশ পাবেনা। কী কী রয়েছে এই নিয়মনামায় ?

কলকাতা: এই আইপিএলে (IPL 2026) বিতর্ক যেন থামছেই না। প্রথমে রাজস্থানের (Rajasthan Royals) ডাগআউটে ফোন ব্যবহার করা, সেখান থেকে রিয়ান পরাগের (Riyan Parag) ড্রেসিংরুমে প্রকাশ্যে ধূমপান (Vaping) – একের পর এক বিতর্ক আইপিএল ঘিরে। এইসব কমাতেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে বোর্ড (BCC)। এর প্রধান কারণ, আইপিএল চলাকালীন প্রত্যেক ক্রিকেটার যেন পেশাদার থাকেন। এমনকি বেশ কিছু ক্রিকেটারকে দেখা গিয়েছে মহিলাদের সঙ্গে হোটেলে থাকতে, যা দেখে যারপরনাই বিরক্ত বিসিসিআই।
বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১ – কোনও ব্যক্তিকে যদি হোটেলের রুমে আসতে হয়, তাহলে আগে থেকেই তা লিখিতভাবে জানাতে হবে টিম ম্যানেজারকে। এমনকি ক্রিকেটারের সঙ্গে অতিথির সম্পর্কও জানাতে হবে।
২ – হোটেল ছেড়ে বেরোনোর সময় সিকিউরিটি অফিসারকে আগে থেকে জানিয়ে তাঁদের সম্মতি নিতে হবে।
৩ – ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, টিমের অফিশিয়াল – সবাই যেখানেই যাবেন, নিজের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যাবেন ও সিকিউরিটিকে দেখাবেন। মাঠ হোক বা প্র্যাক্টিস গ্রাউন্ড- সর্বত্র এই কার্ড প্রয়োজন।
৪ – কোনও ক্রিকেটার যদি অতিথির সঙ্গে দেখা করতে চান, তাহলে হোটেলের লবিতে নির্দিষ্ট জায়গাতেই করতে হবে। কাউকে ঘরে আনতে গেলে টিম ম্যানেজারের অনুমতি দরকার।
৫ – ড্রেসিংরুম বা মাঠে ধূমপান নিষিদ্ধ। ভারতীয় আইনে ভেপিং নিষিদ্ধ তাই ভেপিং করা যাবে না।
৬ – রিল বানানো নিয়েও কড়া পদক্ষেপ আনছে বোর্ড। অনেক ক্রিকেটারকে দেখা যায়, ম্যাচের পর রিল বানাতে। অনেক কমেন্টেটর, ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত লোকেরাও রিল বানাচ্ছেন, যা আইপিএলের নিয়মবিরুদ্ধ। তাই বিসিসিআই বলেছে, আইপিএলের সঙ্গে যুক্ত কেউ মাঠে ভিডিও করতে পারবেন না। করলেই তাঁদের আইনি নোটিশ পাঠানো হবে।
এই আইপিএল নিয়ে বিতর্ক থামার নয়। অনেক ফ্র্যাঞ্চাইজিকে দেখা যায় তাঁরা অনেক কনটেন্ট ক্রিয়েটরকে সুযোগ দিয়েছেন রিল বানানোর, যা আইপিএলের নিয়ম ভেঙেছে। এই সব বিষয় নিয়েই ক্ষুব্ধ বিসিসিআই। এরপর যদি এই একই কারণে কোনও নিয়মভঙ্গ হয়, তাহলে কড়া শাস্তি দিতে পারে আইপিএল বোর্ড।
